Monday 02 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যক্তিগত কারণ দে‌খিয়ে আইডিআরএ চেয়ারম্যানের পদত্যাগ

স্টাফ করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৬ ১২:৫৩

ড. এম আসলাম আলম।

ঢাকা: বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)–এর চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন।

রোববার (২ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো এক চিঠিতে তিনি ব্যক্তিগত অনিবার্য কারণ দেখিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান।

চিঠিতে তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর লিখেছেন যে, ব্যক্তিগত অনিবার্য কারণে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তার পদত্যাগপত্র গ্রহণ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

ড. এম আসলাম আলমের পদত্যাগপত্রটি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকায় দাখিল করা হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

আইডিআরএ দেশের বিমা কোম্পানিগুলোর লাইসেন্স প্রদান, তদারকি, নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্বে থাকা শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা। চেয়ারম্যানের পদত্যাগের ফলে সংস্থার চলমান নীতি-সংস্কার, তদারকি কার্যক্রম ও বিমা বাজারের শৃঙ্খলা রক্ষায় সাময়িক প্রশাসনিক প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

তবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে নতুন চেয়ারম্যান নিয়োগ বা ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়ার বিষয়ে কোনো ঘোষণা আসেনি।

প্রচলিত নিয়ম অনুযায়ী, পদত্যাগপত্র গ্রহণের পর সরকার প্রজ্ঞাপন জারি করে দায়িত্ব অবসানের বিষয়টি কার্যকর করে। একই সঙ্গে নতুন চেয়ারম্যান নিয়োগ অথবা জ্যেষ্ঠ কোনো কর্মকর্তাকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত এলে বীমা খাতের ভবিষ্যৎ দিকনির্দেশনা আরও স্পষ্ট হবে বলে মনে করছেন।

সারাবাংলা/এসএ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর