Thursday 05 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-২০ বিশ্বকাপ ২০২৬
৩৩ বলে সেঞ্চুরি, অ্যালেনের অনন্য রেকর্ড

স্পোর্টস ডেস্ক
৫ মার্চ ২০২৬ ০৯:৪৫ | আপডেট: ৫ মার্চ ২০২৬ ০৯:৫০

জয় নিয়ে দুশ্চিন্তা দূর হয়েছিল আগেই। পুরো নিউজিল্যান্ড ডাগআউট অপেক্ষায় ছিল তার রানের দিকেই। দলের জিততে প্রয়োজন ২১ রান, ফিন অ্যালেনের সেঞ্চুরির জন্য দরকার তখন ২৪ রান। শেষ পর্যন্ত অবিশ্বাস্য সেই রেকর্ডটা করেই ফেললেন অ্যালেন। টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩ বলে সেঞ্চুরি করে দলকে ফাইনালে তুলেছেন তিনি, গড়েছেন বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও।

কলকাতার ইডেন গার্ডেনসে টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিতে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। ১৭০ রানের লক্ষ্য ৪৩ বল বাকি থাকতে ৯ উইকেটে জিতে যায় তারা।

বিজ্ঞাপন

এই জয়ের মূল কারিগর অ্যালেন। ৮ ছক্কা ও ১০ চারে ৩৩ বলে ১০০ রানে অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন তিনি। টি-২০ বিশ্বকাপে যা দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের ৪৭ বলের শতক ছিল আগের রেকর্ড।

ছেলে ও মেয়ে মিলিয়েই বিশ ওভারের বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি এখন অ্যালেনের। আগেরটি করেছিলেন ড্রিয়েন্ড্রা ডটিন। ২০১০ উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৮ বলে তিন অঙ্ক ছুঁয়েছিলেন ক্যারিবিয়ান এই অলরাউন্ডার।

৩৩ বলে শতকে নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম শতরানের রেকর্ডও অনেকটা ব্যবধানে পেছনে ফেলেছেন অ্যালেন। ৪৬ বলে সেঞ্চুরির আগের রেকর্ড ছিল গ্লেন ফিলিপসের, ২০২০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

আইসিসির পূর্ণ সদস্য দেশগুলির বিপক্ষে সবচেয়ে কম বলে সেঞ্চুরিও এখন অ্যালেনের। বাংলাদেশের বিপক্ষে ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের ৩৫ বলের শতরান ছিল আগের রেকর্ড।

এটিই তার সেরা পারফরম্যান্স কিনা, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমন প্রশ্নের জবাবে অ্যালেন বলেন, ‘হ্যাঁ। আমি বলব, এটা অবশ্যই সেই তালিকায় উপরের দিকেই থাকবে। আমি স্রেফ ভালো অবস্থায় থাকতে চেয়েছি এবং দলের জন্য ভালো পারফরম্যান্স করার চেষ্টা করেছি।’

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর