ঢাকা: সুদসহ আমানতের পুরো টাকা ফেরতের দাবিতে একীভূত উদ্যোগে থাকা পাঁচ ব্যাংকের কিছু আমানতকারী আজ ঢাকার কেন্দ্রীয় ব্যাংকের সামনে বিক্ষোভ করেছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত আমানত ফেরতের দাবি জানান।
একপর্যায়ে বিক্ষোভকারীরা শাপলা চত্বরে প্রধান সড়ক অবরোধ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জলকামান ব্যবহার করে তাদের সেখান থেকে সরিয়ে দেয়।
একীভূত করার প্রক্রিয়ায় থাকা পাঁচটি ব্যাংক হলো- ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। এসব ব্যাংককে একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এই ব্যাংকগুলোর আমানতকারীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। তাদের অভিযোগ, ব্যাংকগুলোতে জমা রাখা আমানত ফেরত পেতে তারা ভোগান্তির মুখে পড়ছেন।
এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৪ ও ২০২৫ সালের আমানতের ওপর ৪ শতাংশ হারে সুদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে ‘হেয়ার কাট’ হিসেবে উল্লেখ করা হচ্ছে, যা নিয়ে আমানতকারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
অসন্তুষ্ট আমানতকারীরা সুদসহ পুরো টাকা দ্রুত ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন।