ঢাকা: দেশের ব্যাংকগুলোর ব্যবসা কেন্দ্র স্থাপন ও স্থানান্তর প্রক্রিয়াকে সহজ ও দ্রুততর করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নির্দিষ্ট ভাড়া সীমার মধ্যে থাকলে এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদনে ব্যবসা কেন্দ্রের জন্য ভবন ভাড়া বা ইজারা নিতে পারবে ব্যাংকগুলো।
বুধবার (৪ মার্চ) জারি করা এক নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংক ব্যবসা কেন্দ্রের সংখ্যা বাড়া এবং বিদ্যমান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের প্রবণতা বাড়ছে। এই প্রক্রিয়াকে আরও গতিশীল করতে বিআরপিডি সার্কুলার নং-০২/২০২৩ এর অতিরিক্ত কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশে কার্যরত সব ব্যাংক তাদের পরিচালনা পর্ষদের অনুমোদনের ভিত্তিতে ব্যবসা কেন্দ্রের জন্য ভবন ভাড়া বা ইজারা গ্রহণ, নতুন চুক্তি সম্পাদন এবং মেয়াদোত্তীর্ণ চুক্তি নবায়নের সিদ্ধান্ত নিতে পারবে। তবে এর জন্য অঞ্চলভিত্তিক ভাড়ার সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
অঞ্চলভিত্তিক ভাড়ার সর্বোচ্চ সীমা নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা বিভাগে সিটি কর্পোরেশন এলাকায় প্রতি বর্গফুট সর্বোচ্চ ১০৪ টাকা, ‘ক’ শ্রেণিভুক্ত পৌরসভায় ২৮ টাকা এবং পল্লী এলাকায় ২৪ টাকা পর্যন্ত ভাড়া নির্ধারণ করা যাবে।
চট্টগ্রামে যথাক্রমে ৬১, ২৭ ও ২০ টাকা, রাজশাহীতে ৩৪, ২৫ ও ১৩ টাকা, খুলনায় ৩৪, ২১ ও ১৩ টাকা এবং রংপুরে ৪৫, ১৭ ও ১৩ টাকা পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ময়মনসিংহে ৩৬, ১৯ ও ১৪ টাকা, বরিশালে ৪৮, ২০ ও ১৪ টাকা এবং সিলেটে ২২ ও ১৬ টাকা পর্যন্ত ভাড়ার সীমা নির্ধারণ করা হয়েছে।
এ ধরনের ভাড়া বা ইজারা চুক্তি সম্পাদনের ১০ কর্মদিবসের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ কে অবহিত করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
অতিরিক্ত হারে ভাড়া হলে লাগবে অনুমোদন
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্ধারিত সীমার বেশি ভাড়া নির্ধারণ করতে হলে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে। একই সঙ্গে কিছু ক্ষেত্রে ভাড়া নির্ধারিত সীমার মধ্যে থাকলেও অনুমোদন বাধ্যতামূলক থাকবে।
এসব ক্ষেত্রে নির্বাচিত ভবনের মালিকের সঙ্গে ব্যাংকের পরিচালক বা স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তির সম্পর্ক থাকলে, বিদ্যমান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে ব্যবসা কেন্দ্র স্থানান্তর করলে এবং প্রধান কার্যালয় বা এর নিয়ন্ত্রণাধীন বিভাগসমূহের জন্য ভাড়া নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে।
আইন অনুসরণের নির্দেশনা
নির্দেশনায় আরও বলা হয়েছে, ব্যবসা কেন্দ্র স্থাপন ও স্থানান্তরের ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত) এর ৩২ ধারা অনুসরণ করতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংক কোম্পানি আইনের ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।