তাদের নামের পাশে পাকাপাকিভাবে লেগে গেছে ‘চোকার’ উপাধি। তবে দক্ষিণ আফ্রিকার মতো বিশ্বকাপের মঞ্চে বারবার তীরে এসে তরী ডুবেছে নিউজিল্যান্ডেরও। টি-২০ বিশ্বকাপের এবারের ফাইনালে ভারতের মুখোমুখি নিউজিল্যান্ড। ফাইনালের আগে সাবেক দক্ষিণ আফ্রিকা পেসার ডেল স্টেইন বলছেন, ফাইনালে এবারও হেরে গেলে কিউইদের ‘চোকার’ বলেই ডাকবেন তিনি।
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার চেয়ে অনেক বেশি ফাইনাল খেলেছে নিউজিল্যান্ড। কিন্তু একবারও শিরোপা জিততে পারেনি তারা। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই ফাইনালে উঠেছিল তারা। পরে শিরোপা নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যায় কিউইরা।
চার বছর পরের বিশ্বকাপেও ফাইনালে খেলে কিউইরা। কিন্তু লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে মূল ম্যাচ ‘টাই’ হলে বাউন্ডারি ব্যবধানে হেরে আরেকবার শিরোপা স্বপ্ন ভাঙে দলটির। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ফাইনালে খেলে নিউ জিল্যান্ড। সেখানেও অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় নিউজিল্যান্ড।
দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ব্যাটার এবি ডি ভিলিয়ার্সের ইউটিউব চ্যানেলে আলোচনার সময় নিউজিল্যান্ডের সম্ভাবনা নিয়ে কথা বলেন স্টেইন, ‘দেখো, সৎভাবেই বলছি। সবাই দক্ষিণ আফ্রিকাকে ‘চোকার’ ডাকতে পছন্দ করে, কিন্তু আমি বলতে চাই, নিউ জিল্যান্ডও তো খুব বেশি বিশ্বকাপ জেতেনি। তারা আমাদের চেয়ে বেশি ফাইনাল খেলেছে। তাই, নিউ জিল্যান্ডের প্রতি সম্মান রেখেই বলছি, দয়া করে এবার ট্রফিটা জেতো।’
স্টেইন আরও বলেন, ‘তা না হলে, আমি আনুষ্ঠানিকভাবে ওই তকমা (চোকার) তোমাদের দিয়ে দেব, ওটা তোমাদেরই প্রাপ্য। আমি নিউ জিল্যান্ডকে পছন্দ করি, কিন্তু তারা ভারতকে হারাতে পারবে না। তাদের জিততে হলে ভারতকে অবিশ্বাস্য ‘চোক’ করতে হবে। আমি বলছি, এটা অসম্ভব। সত্যিই চাই তারা জিতুক, কিন্তু সত্যিই কি আমি ভাবছি যে, তারা ভারতকে হারাবে? না।’
আগামীকাল ৮ মার্চ ভারতের আহমেদাবাদে ফাইনালে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড।