Sunday 21 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পারিবারিক কলহের জেরে স্বামীর লাথির আঘাতে স্ত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৬ ০৪:১৯ | আপডেট: ৮ মার্চ ২০২৬ ০৪:২০

লাথির আঘাতে নিহত আনোয়ারা বেগম ও অভিযুক্ত মো. আব্দুল জলিল। ছবি কোলাজ: সারাবাংলা

কক্সবাজার: জেলার উখিয়ায় পারিবারিক কলহের জেরে স্বামীর মারধরে আনোয়ারা বেগম (২৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার (৭ মার্চ) বিকেলে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আনোয়ারা বেগম উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের হাকিমপাড়ার আব্দু মজিদের মেয়ে। অভিযুক্ত স্বামী মো. জলিল (৩৫) জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া বাদামতলী এলাকার লাল মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন দুপুর ২টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর নিদানিয়া এলাকায় বাজারের টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী জলিল উত্তেজিত হয়ে স্ত্রী আনোয়ারা বেগমকে লাথি মারেন। এতে তিনি মাটিতে পড়ে অচেতন হয়ে যান।

বিজ্ঞাপন

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সোনারপাড়া বাজারের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। কিন্তু বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দিদার জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সারাবাংলা/পিটিএম