Sunday 08 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-২০ বিশ্বকাপ ২০২৬ ফাইনাল
আকাশছোঁয়া টিকিটের মূল্য, হোটেল নিয়ে কাড়াকাড়ি

স্পোর্টস ডেস্ক
৮ মার্চ ২০২৬ ১১:৪১

যেকোনো টুর্নামেন্টের ফাইনাল মানেই যেন বাড়তি উন্মাদনা। সেটা যদি হয় টি-২০ বিশ্বকাপের ফাইনাল, তাও আবার ভারতের মতো ক্রিকেট পাগল দেশে; তাহলে তো কথাই নেই! টি-২০ বিশ্বকাপের ১০ম আসরের ফাইনালকে সামনে রেখে তাই দেখা দিয়েছে অবিশ্বাস্য উন্মাদনা। ম্যাচের টিকিট থেকে শুরু করে হোটেল রুম; সবকিছু নিয়েই লেগেছে কাড়াকাড়ি!

আজ রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রোববার ইতিহাস গড়ার অভিযানে নামবে স্বাগতিক ভারত। টি-২০ বিশ্বকাপের প্রথম দল হিসেবে টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়ার হাতছানি তাদের সামনে। এই ফাইনালে ঘিরে পুরো দেশেই উন্মাদনার পারদ এক তুঙ্গে।

আর এই উন্মাদনার সুযোগ নিতে পিছিয়ে নেই টিকেট কালোবাজারি ও অসাধু ব্যবসায়ীরা। ভারত-নিউজিল্যান্ডের শিরোপা নির্ধারণী ম্যাচটিকে কেন্দ্র করে টিকেটের দাম ও হোটেলের ভাড়া এখন আকাশচুম্বী। কালোবাজারিদের থাবায় বহুগুণ বেড়ে গেছে টিকেটের দাম। আর সুযোগ কাজে লাগিয়ে হাজার হাজার রুপি হাতিয়ে নিচ্ছে হোটেল মালিকরা।

বিজ্ঞাপন

ফাইনাল ম্যাচটি দেখতে মরিয়া হয়ে আছে লাখো মানুষ। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামটিতে এক লাখের বেশি দর্শক উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে বেশিরভাগই থাকবে ভারতের দর্শক। টিকেটের চাহিদা সরবরাহের চেয়ে অনেক বেশি হওয়ায় মূল দামের ১৫ গুণেরও বেশি অর্থ খরচ করছেন ভক্তরা।

টিকেট পুনর্বিক্রির বাজার পুরোপুরি দখলে নিয়েছে দালালরা। রয়টার্স তাদের এক প্রতিবেদনে লেখেছে, সাড়ে তিন হাজার রুপির টিকেট ৫৪ হাজারেও বিক্রি করা হচ্ছে!

নাম প্রকাশে অনিচ্ছুক মুম্বাইয়ের এক ব্যবসায়ী রয়টার্সকে বলেন, ‘অপেক্ষমাণদের তালিকা থেকে টিকেট না পাওয়ায়, ৩ হাজারের টিকেট আমাকে ৩৫ হাজার রুপিতে কিনতে হয়েছে।’

শুধু টিকেটই নয়, ফাইনালের ভেন্যু আহমেদাবাদে হোটেল ভাড়া ১০ গুণ পর্যন্ত বেড়ে গেছে। উচ্চমূল্য হলেও স্টেডিয়ামের কাছের হোটেলগুলো পূর্ণ হয়ে গেছে। মুম্বাই-আহমেদাবাদ হাইওয়ে এবং গান্ধীনগরের সাধারণ হোটেলগুলোর ভাড়া যেখানে সাধারণত ৪ হাজার রুপি থাকে, সেগুলো এখন ৪০ হাজার রুপি ভাড়া চাইছে।

এক হোটেল মালিক বলেন ‘এটাই আমাদের লাভ করার সেরা সময়। কারণ অনেক মানুষ ম্যাচটি দেখতে এখানে আসছে।” আরেকজন হোটেল মালিকের মতে, ভারত ফাইনালে না উঠলে মানুষের এত ভিড় হতো না।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর