ঢাকা: চলতি মার্চ মাসের প্রথম সাত দিনে দেশে ১০৬ কোটি ৯০ লাখ বা ১ দশমিক ০৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১৫ কোটি ২৭ লাখ ডলার।
রোববার (৮ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
তিনি বলেন, চলতি বছরের মার্চ মাসের প্রথম সপ্তাহে দেশে মোট ১০৬ কোটি ৯০ লাখ ডলার প্রবাসী আয় এসেছে। গত বছরের একই সময়ে দেশে এসেছিল ৭৭ কোটি ৫০ লাখ ডলার। সে হিসাবে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৭ মার্চ পর্যন্ত দেশে মোট ২ হাজার ৩৫২ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল অনেক কম। ফলে বছর ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ২২ দশমিক ১০ শতাংশ।
ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে প্রবাসীরা দেশে থাকা তাদের পরিবার-পরিজনের কাছে বেশি পরিমাণ অর্থ পাঠাচ্ছেন। এতে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক গতি দেখা যাচ্ছে। তবে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দীর্ঘায়িত হলে প্রবাসী আয়ের প্রবাহে কিছুটা প্রভাব পড়তে পারে বলেও মনে করছেন তারা।
এদিকে চলতি অর্থবছরের আগের মাসগুলোতেও রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বমুখী ধারা দেখা গেছে। গত ফেব্রুয়ারি মাসে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স। এর আগে জানুয়ারিতে আসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার, যা ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।
গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, যা ছিল দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়া নভেম্বরে আসে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।
এর আগে অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট ও জুলাই মাসে দেশে রেমিট্যান্স আসে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার, ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার, ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২০২৪-২৫ অর্থবছরজুড়ে দেশে প্রবাসীরা মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে কোনো অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।