Tuesday 10 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে পেট্রোল পাম্পে হামলা: ব্যবসায়ীদের ধর্মঘট

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৬ ০৯:৪২

সিলেট: সিলেটে পেট্রোল পাম্পে হামলা ও কর্মচারীকে ছুরিকাঘাতসহ কয়েকটি ঘটনার জেরে ধর্মঘটের ডাক দিয়েছেন সিলেটের পেট্রোল পাম্প ব্যবসায়ীরা।

মঙ্গলবার (১০ মার্চ) রাত ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিলেটের সব পেট্রোল পাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ী সমিতি।

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় শাখা ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম জানান, সোমবার সিলেট নগরের চৌকিদিখি এলাকার উত্তরা পাম্পে সিরিয়াল অনুযায়ী লাইনে না দাড়িয়ে পেট্রোল নিতে গেলে ওই পাম্পের সেলসম্যান মিঠু গোয়ালা (২২) লাইনে দাড়ানোর অনুরোধ করলে বাকবিতন্ডা শুরু হয়, এক পর্যায়ে কিছু উশৃঙ্খল তরুণদের নিয়ে ওই গ্রাহক সেলসম্যানের উপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে গুরুত্বর জখম করে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

একই দিনে শ্রীমঙ্গলের আরেকটি রিফুয়েলিং স্টেশনে এবং গতকাল রোববার সিলেট শহরে আরেকটি পাম্পে একইভাবে হামলা করা হয়।

তিনি আরও জানান, তারা ডিপো থেকে চাহিদা মতো তেল সরবরাহ পাচ্ছেন না। এ কারণে গ্রাহকদের চাহিদা মতো তেল দিতে পারছেন না। মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ২টার মধ্যে পেট্রোল পাম্পে হামলাকারীদের গ্রেফতার ও ডিপো থেকে চাহিদা মত তেল সরবরাহ করার দাবিতে তারা সিলেটের সব পেট্রোল পাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

মেসার্স উত্তরা পেট্রোলিয়ামের ম্যানেজার মারুফ আহমদ চৌধুরী বলেন, এক গ্রাহককে সিরিয়াল মেইনটেইন মেনে তেল নেওয়ার অনুরোধ করা হলে তিনি তা অমান্য করেন। এ নিয়ে পাম্প কর্মীদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে তিনি চলে যান। কিন্তু কিছুক্ষণ পর আবার ফিরে এসে এক কর্মচারীকে ছুরিকাঘাত করেন।

এই ব্যাপারে সিলেট এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্র বলেন, পেট্রোল পাম্পে তেল না পেয়ে এক গ্রাহক ক্ষুব্ধ হয়ে কর্মীকে ছুরিকাঘাত করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে। দ্রুত তাকে আটক করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

উল্লেখ্য, সোমবার (৯ মার্চ) ইফতারের আগে নগরের চৌকিদেখী এলাকার মেসার্স উত্তরা পেট্রোলিয়ামে সিরিয়াল ভেঙে তেল নেওয়াকে কেন্দ্র করে কর্মচারীকে ছুরিকাঘাত করেন এক গ্রাহক। আহত কর্মচারী মিঠু গোয়ালা মালিনীছড়া চা-বাগানের বিজয় গোয়ালার ছেলে। তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর