ঢাকা: আমেরিকা-ইসরায়েলের ইরানে আক্রমণের প্রভাবে বাংলাদেশের পুঁজিবাজারে বড় পতন দেখা দেয়। এর মধ্যে প্রথম ছয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স মূল্যসূচক কমেছিল ৫৯১ পয়েন্ট। চলতি সপ্তাহে গতকাল সোমবারের মতো মঙ্গলবারও (১০ মার্চ) বড় উত্থান হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বক্তব্যকে ঘিরে পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতা ফিরেছে বলে বিনিয়োগকারিরা জানিয়েছেন।
সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর মঙ্গলবার (১০ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৯০ পয়েন্টে। যা সোমবার ১৩২ পয়েন্ট বেড়েছিল। এর আগে ৪ কার্যদিবসের টানা পতনের মধ্যে রবিবার ২৩২ পয়েন্ট, বৃহস্পতিবার ৮২ পয়েন্ট, বুধবার ২ পয়েন্ট ও মঙ্গলবার ২০৯ পয়েন্ট কমেছিল।
এর আগে যুদ্ধ শুরুর পর প্রথম কার্যদিবস রবিবার (০১ মার্চ) কমেছিল ১৩৯ পয়েন্ট। তবে বিএসইসিতে পরিবর্তনের আভাসে সোমবার (০২ মার্চ) ৭২ পয়েন্ট বেড়েছিল।
আজ ডিএসইতে ৫৯৩ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪১৬ কোটি ৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৭৭ কোটি ৬৮ লাখ টাকার বা ৪৩ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩৩৯ টি বা ৮৭.১৫ শতাংশের। আর দর কমেছে ১৩টির বা ৩.৩৪ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ২০টির বা ৯.৫১ শতাংশের।
অপরদিকে সিএসই-তে মঙ্গলবার ৪৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসই-তে লেনদেন হওয়া ১৭৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২৯টির, কমেছে ৩০টির এবং পরিবর্তন হয়নি ১৪টির। এদিন সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ৩৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৮২১ পয়েন্টে।
আগেরদিন সিএসই-তে ৪৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৮৩ পয়েন্ট বেড়েছিল।