Wednesday 11 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানকে হারালে র‍্যাংকিংয়ে কেমন উন্নতি হবে বাংলাদেশের?

স্পোর্টস ডেস্ক
১১ মার্চ ২০২৬ ১১:৩০

ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ র‍্যাংকিংয়ে এগিয়ে সরাসরি টুর্নামেন্টে পা রাখা। এই লক্ষ্যে আজ দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ৫০ ওভারের ফরম্যাটে মাঠে নামছে বাংলাদেশ। এই সিরিজে পাকিস্তানকে হারালে র‍্যাংকিংয়ে কত উন্নতি করতে পারে বাংলাদেশ?

সবশেষ ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পরও বাংলাদেশ আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ের দশ নম্বরে রয়ে গেছে। তবে ৯ নম্বরে থাকা ক্যারিবিয়ানদের সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধান এখন স্রেফ ১ পয়েন্টের।

৭৭ রেটিং পয়েন্ট এখন ওয়েস্ট ইন্ডিজের। বাংলাদেশ এই সিরিজটি শুরু করছে ৭৭ পয়েন্ট নিয়ে। পাকিস্তানকে সিরিজ হারাতে পারলে ক্যারিবিয়ানদের টপকে ৯ নম্বরে উঠে যাবে মেহেদী হাসান মিরাজের দল।

বিজ্ঞাপন

এই সিরিজটি ২-১ ব্যবধানে জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৭৯, ৩-০ ব্যবধানে জিতলে হবে ৮১। র‍্যাংকিংয়ের ৮ নম্বরে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৮৮।

বাংলাদেশ যদি এই সিরিজ ২-১ ব্যবধানে হেরে যায়, তাহলে রেটিং পয়েন্ট হবে ওয়েস্ট ইন্ডিজের সমান ৭৭। তবে ভগ্নাংশের ব্যবধানে দশেই থাকবে বাংলাদেশ। ৩-০ ব্যবধানে হেরে গেলে মিরাজদের পয়েন্ট কমে হবে ৭৪।

৩-০ ব্যবধানে জিততে পারলেই কেবল এই সিরিজ থেকে র‍্যাংকিংয়ে কিছু প্রাপ্তি হবে পাকিস্তানের। ১০৫ রেটিং পয়েন্ট নিয়ে এখন র‍্যাংকিংয়ের চারে আছে তারা। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে পারলে ১টি রেটিং পয়েন্ট পাবে শাহিন শাহ আফ্রিদির দল। তাদের ওপরে থাকা অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১০৯।

বাংলাদেশের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতলেও রেটিং পয়েন্ট হারাতে হবে পাকিস্তানের। ১০৫ থেকে কমে তাদের পয়েন্ট হবে ১০৪।

২-১ ব্যবধানে হেরে গেলে পাকিস্তানের রেটিং পয়েন্ট হবে ১০২, ৩-০ ব্যবধানে হেরে গেলে পয়েন্ট হবে ১০০। র‍্যাংকিংয়ে অবশ্য চারেই থাকবে তারা। পাঁচে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৯৮।

আগামী বছরের ৩১ মার্চ তারিখে র‍্যাংকিংয়ের উপর  ভিত্তি করে চূড়ান্ত হবে আগামী বিশ্বকাপে সরাসরি খেলা দলগুলির নাম। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া র‍্যাংকিংয়ের অন্য শীর্ষ ৮ দল সরাসরি খেলবে বিশ্বকাপে।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

সরকারদলীয় সংসদীয় সভা আজ
১১ মার্চ ২০২৬ ১০:৫১

আরো

সম্পর্কিত খবর