ঢাকা: বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। বুধবার (১১ মার্চ) সকালে বায়ুমান সূচকে ২১৩ স্কোর নিয়ে তালিকার প্রথম অবস্থানে রয়েছে শহরটি, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
বায়ুমান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একই সময়ে ২০৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। ১৯৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সেনেগালের রাজধানী ডাকার। এছাড়া ১৯০ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে পাকিস্তানের লাহোর এবং ১৮১ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু।
বিশেষজ্ঞদের মতে, বায়ুমানের স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে গণ্য করা হয়। ১৫১ থেকে ২০০ হলে বায়ু ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে অন্যদেরও অপ্রয়োজনে বাইরে যাওয়া ও খোলা স্থানে দীর্ঘ সময় অবস্থান না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।