বরিশাল: ঝালকাঠির নলছিটিতে কবরস্থানের মাটি বরাদ্দের কাজে ঘুষ বাবদ নেওয়া ৯ হাজার টাকা ফেরত দিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আওলাদ হোসেন।
এর আগে, মঙ্গলবার (১০ মার্চ) পিআইও আওলাদ হোসেনের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন নলছিটি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ অলিউল ইসলাম। সেই ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক কাওসার হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। এ সংক্রান্ত সংবাদ সারাবাংলা ডটনেটসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।
এরপর, বুধবার (১১ মার্চ) সকালে মোহাম্মদ অলিউল ইসলামের কাছে ঘুষের ৯ হাজার টাকা লোক মারফত ফেরত পাঠান পিআইও। অভিযোগকারী অলিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, তদন্ত কমিটির প্রধান ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক কাওসার হোসেন বলেন, ‘অভিযোগ পাওয়ার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’
তবে এ বিষয়ে বক্তব্য জানতে নলছিটি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আওলাদ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।