Friday 13 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৬ ১০:৪১

নোয়াখালী: নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলায় পারিবারিক কলহের জের ধরে তাজ নাহার (৩২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এই ঘটনার পর স্ত্রী মারা গেছে বুঝতে পেরে অভিযুক্ত স্বামী মো. মিলন (৩৮) পালিয়ে গেছেন।

শুক্রবার (১৩মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন।

এর আগে, বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলার হরণী ইউনিয়নের আলআমিন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তাজ নাহার উপজেলার তমরদ্দি ইউনিয়নের আব্দুল জলিলের মেয়ে এবং তিন সন্তানের মা। অভিযুক্ত স্বামী মিলন উপজেলার আলআমিন গ্রামের হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে মিলন তার স্ত্রী তাজ নাহারকে এস এসের পাইপ দিয়ে মাথায়, হাতে মারধর করেন। এতে তার মাথা, মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে এবং ডান হাতের কব্জি ভেঙে যায়। মারধরের একপর্যায়ে সকালে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে সকাল ১১টার দিকে তাকে স্থানীয় আবু সাঈদ বাজারের এক পল্লি চিকিৎসকের কাছে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চিকিৎসকের কাছে নেওয়ার পর স্ত্রী মারা গেছে শুনে মিলন সেখান থেকে পালিয়ে যান। পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান। ঘটনার কয়েক ঘণ্টা পর বিকেল চারটার দিকে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে মোরশেদ বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ বিকেল সাড়ে চারটার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ওসি কবির হোসেন বলেন, পারিবারিক কলহের জের ধরে স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন এবং তাকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

তিনি আরও বলেন, নিহত নারীর পরিবারের সদস্যদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পাওয়ার পর এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর