ম্যাচের ফলাফল ছাপিয়ে এই রানআউটই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের সালমান আঘাকে যেভাবে রান আউট করেছিলেন মেহেদি হাসান মিরাজ, সে নিয়ে উঠেছে নানা প্রশ্ন। ম্যাচ শেষে বাংলাদেশ স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ অবশ্য বলছেন, সেই রান আউট করে কোন ভুল করেননি মিরাজ।
মিরাজের বল মিড অনের দিকে মেরেছিলেন স্ট্রাইকে থাকা রিজওয়ান। ফিল্ডিং করতে ছুটে যান বোলার। কিন্তু তার সামনে তখন নন-স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যান সালমান আঘা। ব্যাটসম্যান ক্রিজের বাইরে গিয়ে চেষ্টা করছিলেন বোলারকে আড়াল করতে, যাতে বল লং অনে যায় এবং সিঙ্গেল নেওয়া যায়।
কিন্তু মিরাজ পিছু ছাড়েননি। পা দিয়ে বল ঠেকিয়ে দেন তিনি। সালমান আঘা তখন চেষ্টা করেন নিচু হয়ে বল ধরতে। কিন্তু তার আগেই মিরাজ দ্রুতগতিতে বল ধরে আন্ডারআর্ম থ্রোয়ে সরাসরি স্টাম্পে লাগান বল। আঘা ক্রিজের বেশ বাইরে।
রিপ্লে দেখে আউট দেন টিভি আম্পায়ার। গ্লাভস, হেলমেট ছুড়ে ফেলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে মাঠ ছেড়ে যান সালমান। খেলা চলার সময়ই এই ঘটনা নিয়ে বিতর্ক ও আলোচনা ছড়িয়ে পড়ে ক্রিকেট বিশ্বজুড়ে। সাবেক ক্রিকেটার, বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ ক্রিকেট অনুসারীদের নানা মন্তব্যে ছেয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম।
রান আউটের ঘটনায় দুজনের কারও দিকেই আঙুল তুলছেন না মুশতাক, ‘সবকিছু এত দ্রুত হয়ে গেছে, আমরা এমনকি বুঝতেও পারিনি, ওখানে কী হয়েছে। মিরাজ ভেবেছে, ব্যাটসম্যান ক্রিজের বাইরে। সে বল থামানোর চেষ্টা করছিল, বল সোজা মিরাজের পায়ে লাগে। আগা সালমান ভেবেছে, সে বল তুলে দিয়ে মিরাজকে সহায়তা করবে। কাজেই আমার মনে হয়, ঠিক জানি না সত্যি বলতে। মিরাজেরটি ছিল একদম সহজাত ঘটনা, বল তুলে রান আউট করার চেষ্টা করেছে, কারণ ব্যাটসম্যান ক্রিজের বাইরে ছিল। খুব দ্রুতই হয়ে গেছে এটা। আমার মনে হয়, কোনো পক্ষেরই ভুল ছিল না। আগা সালমান চেষ্টা করছিল মিরাজকে বল দিতে আর মিরাজ খেলায় একদম ডুবে ছিল এবং ভেবেছে এখানে সে একজনকে রান আউট করতে পারে।’
এই ম্যাচের ধারাভাষ্যে থাকা রামিজ রাজাসহ পাকিস্তানেরই অনেক সাবেক ক্রিকেটার তুলাধুনা করছেন করছেন মিরাজকে। ক্রিকেটীয় চেতনা ভঙ্গ করায় কাঠগড়ায় তোলা হচ্ছে তাকে। তবে মুশতাক সেখানে একমত নন তার স্বদেশিদের সঙ্গে, ‘বল তো তখনও খেলায় ছিল। আগা ক্রিজের বাইরে ছিল। বোলার হিসেবে সে চেষ্টা করছিল বল তুলে একজনকে রান আউট করতে। আগা তো ক্রিজ থেকে বেশ দূরে ছিল। আগা হয়তো ভেবেছে বল ‘ডেড’ হয়ে গেছে। সে খেয়াল করেনি। অনেক অনেক দূরে ছিল (ক্রিজ থেকে)। বল সরাসরি মিরাজের পায়ে লাগে, সে ভেবেছিল যে রান আউট করতে পারে। সে নিজেও হয়তো নিশ্চিত ছিল না কী করছে… খেলার ভেতরে একদম ডুবে ছিল। সত্যি বলতে, আমার মনে হয় না মিরাজ ভুল করেছে।’