নরসিংদী: স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আমরা পত্রিকা পড়ি কাগজ দেখার জন্য না, সাংবাদিকদের লেখা দেখার জন্য। আপনাদের লেখাটা যেন সব সময় নেগেটিভ না হয়, পজেটিভ লিখেন তাহলে ভালো কাজে জাতি উৎসাহিত হবে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ হলরুমে মনোহরদী প্রেস ক্লাব আয়োজিত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, যদি আমার বা আপনাদের কোন কাজে-কর্মে সরকারের ওপর কোন বদনাম আসে বা সরকারের বিরুদ্ধে যদি সাংবাদিকরা লেখার সুযোগ পায়। মনে রাখবেন আমাকে যেমন আমার প্রধানমন্ত্রী ছাড়বেন না বলে দিয়েছেন অপরাধীদেরও কিন্তু আমি ছাড়ব না। একদম সোজা কথা। বিন্দুমাত্র যদি অন্যায় কেউ করে, সমাজ বিরোধী কাজ কেউ করে বা সহযোগীতা করে যেখানে যাকে পাওয়া যাবে তাকেই গ্রেফতার করে আইনের আওতায় নেওয়া হবে।
তিনি আরও বলেন, আজ থেকে ২ বছর আগে সরকার চালানো আর আজকের সরকার চালানোতে অনেক পার্থক্য রয়েছে। এখনকার যে তরুণ প্রজন্ম, সাংবাদিক, বুদ্ধিজিবী, বিরোধী দল সবাই আমাদের দিকে বাজপাখির মতো তাকিয়ে আছে নোট করার জন্য আমরা কি করি। সমাজ এখন দুর্নীতির বিরুদ্ধে, সমাজ এখন ভালো কাজ দেখতে চায়। কাজেই সমাজ জেগে উঠবে একটা সরকারের বিরুদ্ধে তখন আড়াই মাস না আড়াই বছর না কি আড়াই ঘণ্টা সেটা মুখ্য ব্যাপার না।
মন্ত্রী বলেন, আমাদের কোন কাজ কর্মে যেন আমাদের সরকার অপমানিত না হয়। সরকারের কাজে যেন প্রশ্নবিদ্ধ না হয় সাবধান থাকবেন। সরকারকে ৫ বছর চলতে দেওয়াই আমাদের কর্মের সার্থকতা।
মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন, নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া, মনোহরদী থানা অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন ও মনোহরদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুজন বর্মণ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল ইসলাম, সাবেক সহসভাপতি বিশ্বজিৎ সাহা, সহসভাপতি কাজী আনোয়ার কামাল, সদস্য শ্যামল মিত্র, মনোহরদী প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন, মুহা. ইসমাইল হোসাইন খানসহ বীর মুক্তিযোদ্ধা, প্রশাসন, রাজনীতিবীদ।