Saturday 14 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৬ ১০:২৩

বৃষ্টি। ছবি: সারাবাংলা

ঢাকা: চলতি মার্চ মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে বৃষ্টি শুরু হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের এই প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সংস্থাটি বলছে, বসন্তকাল হলেও বর্তমানে যে ধরনের বৃষ্টি হচ্ছে তা মূলত প্রাক্‌-বর্ষা মৌসুমের স্বাভাবিক বৈশিষ্ট্য। চলতি মাসজুড়েই অনিয়মিতভাবে এ ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ১৭ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো এবং শিলাবৃষ্টিও হতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, বসন্ত মৌসুম হলেও এটিকে প্রাক্‌-বর্ষা সময় ধরা হয়। এই সময়ে হঠাৎ করেই আকাশে মেঘ জমে বৃষ্টি নামতে পারে। অনেক ক্ষেত্রে বজ্রপাত, বিদ্যুৎ চমকানো ও শিলাবৃষ্টিও দেখা যায়, যা এই মৌসুমের স্বাভাবিক বৈশিষ্ট্য।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (১২ মার্চ) সিলেটে ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে বৃষ্টির পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে। শনিবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আবহাওয়াবিদ।

নিয়মিত পূর্বাভাসে আরও বলা হয়েছে, শনিবার (১৪ মার্চ) ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বর্তমানে ধীরে ধীরে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। সাধারণত সর্বোচ্চ পাঁচ দিনের পূর্বাভাস দেওয়া হয়, তবে মাসের বাকি সময়েও দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর