ঢাকা: ঈদুল ফিতরের আর বেশি দিন বাকি না থাকায় রাজধানীর বিভিন্ন বিপণিবিতানে বেড়েছে ক্রেতাদের ভিড়। সাপ্তাহিক ছুটির দিনে সেই চাপ আরও বেশি। রাজধানীর নিউ মার্কেট ও আশপাশের বিপণিকেন্দ্রগুলোতে পা ফেলারও জায়গা নেই। বিশেষ করে এলিফ্যান্ট রোড এলাকায় শনিবার দিনভর ছিল উপচে পড়া ভিড়।
শনিবার (১৪ মার্চ) সকাল থেকেই মার্কেটগুলোতে ক্রেতাদের উপস্থিতি বাড়তে থাকে। দুপুরের পর ভিড় আরও বাড়ে। পরিবার-পরিজন নিয়ে অনেকেই ঈদের পোশাক, জুতা ও প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী কিনতে মার্কেটে আসেন। এতে করে মার্কেটের ভেতর ও আশপাশের সড়কেও মানুষের চাপ দেখা যায়।
ব্যবসায়ীরা জানান, ঈদ ঘনিয়ে আসায় গত কয়েকদিন ধরে ক্রেতাদের উপস্থিতি বাড়ছে। তবে ছুটির দিনে সেই ভিড় আরও বেশি হয়। বিশেষ করে নারী ও শিশুদের পোশাকের দোকানগুলোতে তুলনামূলক বেশি ভিড় লক্ষ্য করা গেছে।
ক্রেতাদের অনেকেই বলেন, কর্মব্যস্ততার কারণে সাধারণ দিনে মার্কেটে আসা সম্ভব হয় না। তাই ছুটির দিনটিকেই তারা কেনাকাটার জন্য বেছে নিয়েছেন। তবে অতিরিক্ত ভিড়ের কারণে অনেককে কিছুটা ভোগান্তিও পোহাতে হয়েছে।
মার্কেট এলাকা ঘুরে দেখা গেছে, নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। ব্যবসায়ীরা আশা করছেন, ঈদ যত ঘনিয়ে আসবে রাজধানীর মার্কেটগুলোতে ক্রেতাদের চাপ আরও বাড়বে।