Sunday 15 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অমর একুশে বইমেলার পর্দা নামছে আজ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৬ ১৩:১৩

ছবি: সারাবাংলা

ঢাকা: বাঙালির প্রাণের উৎসব ‘অমর একুশে বইমেলা ২০২৬’ আজ রোববার (১৫ মার্চ) শেষ হচ্ছে। গত ২৬ ফেব্রুয়ারি শুরু হওয়া মাসব্যাপী এই মিলনমেলা আজ রাত ৯টায় আনুষ্ঠানিকভাবে শেষ হবে। বিকেলে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে গুণীজন ও প্রকাশনা সংস্থাগুলোর হাতে তুলে দেওয়া হবে বিশেষ স্মৃতি পুরস্কার।

রোববার (১৫ মার্চ) দুপুর ২টায় মেলার দ্বার উন্মুক্ত হবে। বিকেল ৩টায় বাংলা অ্যাকাডেমি প্রাঙ্গণে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং সভাপতিত্ব করবেন বাংলা অ্যাকাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। স্বাগত বক্তব্য দেবেন অ্যাকাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং মেলার প্রতিবেদন পাঠ করবেন সদস্যসচিব মো. সেলিম রেজা।

বিজ্ঞাপন

প্রতিবছরের মতো এবারও গুণমান ও শৈল্পিক বিচারে সেরা প্রকাশনা ও গ্রন্থকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হচ্ছে। ২০২৫ সালে প্রকাশিত বিষয় ও গুণমানসম্মত সর্বাধিক গ্রন্থ প্রকাশের জন্য ‘চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার’ পাচ্ছে কথা প্রকাশ। সেরা গ্রন্থের জন্য ‘মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার’ পাচ্ছে যৌথভাবে ঐতিহ্য, প্রথমা প্রকাশন ও দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)।

শিশুতোষ গ্রন্থের জন্য ‘রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার’ পাচ্ছে পাঞ্জেরী পাবলিকেশনস লিমিটেড। এছাড়া নতুন অংশগ্রহণকারী প্রকাশনী হিসেবে গুণগত মান বজায় রাখায় ‘সরদার জয়েনউদ্‌দীন স্মৃতি পুরস্কার’ পাচ্ছে সহজ প্রকাশ। মেলার নান্দনিক অঙ্গসজ্জার জন্য ‘শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার’ পাচ্ছে ক্রিয়েটিভ ঢাকা পাবলিকেশনস, মাত্রা প্রকাশ ও বেঙ্গল বুকস।

মেলার শেষ দিনে বইপ্রেমীদের ঢল নামবে বলে আশা করা হচ্ছে। গতকালও শেষ শিশুপ্রহরে খুদে পাঠকদের আনাগোনায় মুখর ছিল মেলা প্রাঙ্গণ। মাঝপথে বৃষ্টির বাগড়ায় কিছুটা ছন্দপতন হলেও শেষ দিকে এসে নতুন বইয়ের সংখ্যা হাজার ছাড়িয়েছে। আজ রাত ৯টা পর্যন্ত পাঠকরা তাদের প্রিয় লেখকের বই সংগ্রহের শেষ সুযোগ পাবেন।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর