Wednesday 18 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইনালের ২ মাস পর বদলে গেল আফকনের চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক
১৮ মার্চ ২০২৬ ১০:৪২

গত ১৮ জানুয়ারি নাটকীয় এক ফাইনালে মরক্কোকে হারিয়ে শিরোপা জিতেছিল সেনেগাল। সেই ফাইনালের দুই মাস পর পালটে দেওয়া হলো ফলাফল। কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) জানিয়েছে, এবারের আফকনের চ্যাম্পিয়ন হিসেবে নাম লেখা থাকবে মরক্কোর।

মরক্কোর রাজধানী রাবাতে গত ১৮ জানুয়ারি অনুষ্ঠিত ফাইনালে সেনেগাল জিতেছিল ১-০ গোলে। নির্ধারিত ৯০ মিনিটে গোলশূন্য সমতার পর, অতিরিক্ত সময়ের শুরুতেই করা গোলে সেনেগালকে শিরোপা এনে দেন পাপ গেয়ি।

মূল ঝামেলাটা বেঁধেছিল নির্ধারিত সময়ের আগে। মরক্কোর এক পেনাল্টি পাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে বড় ধরনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাঠ ছেড়ে বেরিয়ে যায় সেনেগাল। প্রায় ১৭ মিনিট পর শুরু হয় ম্যাচ।

বিজ্ঞাপন

সিএএফের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সেনেগালের ওই মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়াই তাদের জন্য কাল হয়েছে। সেনেগাল ‘ফাইনাল ম্যাচ বর্জন করেছে’ এবং ম্যাচের ফল ‘মরক্কোর পক্ষে ৩-০ জয়’ হিসেবে গণ্য হবে।

ফাইনালের ওই ঘটনার পর পর আপিল করেছিল মরক্কোর ফুটবল অ্যাসোসিয়েশন। সেই আপিলের ফলই এখন তাদের পক্ষে গেল। এতে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বার মহাদেশ সেরার স্বীকৃতি পেল মরক্কো, ১৯৭৬ সালের পর প্রথম।

অন্যদিকে দ্বিতীয়বার শিরোপাটি জিতেও এখন হাতছাড়া হয়ে গেল সেনেগালের। ২০২১ সালে প্রথম এর চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর