রাজবাড়ী: প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে কোনো ভোগান্তি হচ্ছে না। পর্যাপ্ত ফেরি ও লঞ্চ চলাচলের কারণে ঘাটে যানজট নেই এবং যাত্রীরা নির্বিঘ্নে পারাপার হতে পারছেন।
বুধবার (১৮ মার্চ) বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, আজ সকাল থেকে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। তবে কোনো প্রকার যানজট বা ভোগান্তি নেই। এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে ১৭টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।
নৌপুলিশ ফরিদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার মো. সাজিদ হোসেন বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নৌ পুলিশসহ সবাই সম্মিলিতভাবে কাজ করছি। নদী ও ঘাট এলাকায় সার্বক্ষণিক মনিটরিং চলছে।

পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ জানান, ঈদে যাত্রীদের বাড়ি ফেরা ও কর্মস্থলে ফিরে যাওয়া নিরাপদ করতে মোবাইল পেট্রল, ফিক্সড পেট্রল এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট রাখা হয়েছে। ঘাটে ডিবি পুলিশ নিয়োজিত রয়েছে।
সকালে দৌলতদিয়া লঞ্চ ও ফেরিঘাটে সরেজমিন দেখা গেছে, পাটুরিয়া থেকে আসা প্রতিটি ফেরি ও লঞ্চে রয়েছে যানবাহন এবং যাত্রীদের চাপ। ছোট গাড়ি ও মোটরসাইকেলের ভিড়ও চোখে পড়ার মতো।
তবে যাত্রীরা জানান, তারা ভোগান্তি ছাড়াই ঘাট পেরিয়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন এবং অতিরিক্ত ভাড়া দিতে হয়নি।
এ ছাড়া ঘাট এলাকায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদেরও দায়িত্ব পালন করছেন।