বিশ্বকাপের বাকি আর মাত্র তিন মাস। ফিফার সবচেয়ে বড় এই টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতিতে নেমে পড়েছে দলগুলো। ব্রাজিলও বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে খেলবে দুটি প্রীতি ম্যাচ। তবে এই ম্যাচের আগে বড় ধাক্কা খেল সেলেসাওরা। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে দলের মূল গোলকিপার অ্যালিসন বেকারকে পাচ্ছে না ব্রাজিল।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন এক বিবৃতিতে গোলকিপার অ্যালিসনের সরে যাওয়ার খবরটি নিশ্চিত করে। তবে তার চোট নিয়ে বিস্তারিত কিছু জানায়নি। কয়দিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে, সেটাও নিশ্চিত করেনি ব্রাজিল।
চলতি মৌসুমে বেশ কয়েকবার ফিটনেস সমস্যায় ভুগেছেন অ্যালিসন। গত ১০ মার্চ যেমন পেশির সমস্যায় গ্যালাতাসারের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে খেলতে পারেননি তিনি। এর আগে গত অক্টোবর ও নভেম্বরে হ্যামস্ট্রিংয়ের সমস্যায় অনেকগুলো ম্যাচ খেলতে পারেননি ব্রাজলিয়ান কিপার। একই সমস্যায় গত তিন মৌসুমে ৫০টি ম্যাচ মিস করেছেন তিনি।
সামনের দুই প্রীতি ম্যাচের জন্য অ্যালিসনের জায়গায় করিন্থিয়ান্সের গোলরক্ষক হুগো সোসাকে দলে নেওয়া হয়েছে।
বস্টনে আগামী ২৬ মার্চ ফ্রান্সের বিপক্ষে খেলবে ব্রাজিল। আর ৩১ মার্চ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, ম্যাচটি হবে অরল্যান্ডোয়।