Friday 15 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খিলগাঁওয়ে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৬ ১৯:২২ | আপডেট: ২২ মার্চ ২০২৬ ২২:৪৩

– ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি প্রাইভেটকারসহ মো. সাফায়েত হোসেন ওরফে সেন্টু (৪৪) ও মো. সবুজ ওরফে ইমন (২৫) নামের দুইজনকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ।

রোববার (২২ মার্চ) খিলগাঁও থানার শেখের জায়গা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, রোববার সকালে খিলগাঁও থানা পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে দুইজন ব্যক্তি প্রাইভেটকারসহ সন্দেহজনকভাবে খিলগাঁও থানাধীন শেখের জায়গায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সাফায়েত ও সবুজকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খিলগাঁও থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।

বিজ্ঞাপন

তালেবুর রহমান বলেন, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সক্রিয় সদস্য। তারা খিলগাঁও থানা এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করার উদ্দেশে উক্ত পিস্তল, গুলি ও ম্যাগজিন নিজ নিজেদের কাছে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। সাফায়েতের বিরুদ্ধে খুন, অস্ত্র ও মাদকসহ মোট ৪টি মামলা এবং সবুজের বিরুদ্ধে ডাকাতি ও চুরির ২টি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।