ঢাকা: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশে তেলের কোনো সংকট নেই। সরবরাহ অব্যাহত আছে। এ ব্যাপারে কেউ আতঙ্কিত হবেন না। সবাই তেল পাবেন।
সোমবার (২৩ মার্চ) নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ঈদের কারণে গত দুই দিন সরবরাহ বন্ধ থাকায় কিছুটা চাপ তৈরি হয়েছে। ভর্তুকি দিয়েও গত বছরের তুলনায় ৫ শতাংশ বেশি তেল আমদানি করা হচ্ছে। সবাই তেল পাবে। তাই জনগণকে প্যানিক বা আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল নেওয়ার আহবান জানাচ্ছি।
মন্ত্রী বলেন, তেলের সংকটকে কেন্দ্র করে দাম বাড়ানোর যে পাঁয়তারা ছিল, সেটিও সরকার সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে। ঈদের আগে যে শঙ্কা ছিল, সেখান থেকে আমরা বের হয়ে আসতে পেরেছি।