Wednesday 25 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় গেটম্যানের দায় স্বীকার: র‍্যাব

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৬ ১৩:৩৩

ঢাকা: কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় গ্রেফতার হেলাল (৪১) রেল ক্রসিংয়ের গেট বন্ধ না করায় নিজের দায়িত্বে অবহেলার কথা অকপটে স্বীকার করেছেন।

বুধবার (২৫ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১১ এর উপ-অধিনায়ক লে. কমান্ডার মো. নাঈম উল হক এসব কথা বলেন।

তিনি বলেন, মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে কুমিল্লার বুড়িচং থানাধীন শংকুচাইল এলাকা থেকে মো. হেলাল নামে ওই গেটম্যানকে গ্রেফতার করে র‍্যাব-১১। তিনি এ ঘটনায় দায়ের করা মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামি।

লে. কমান্ডার মো. নাঈম উল হক বলেন, গত ২২ মার্চ রাত রাত ৩টা ১০ মিনিটে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে রেলক্রসিং এ যাত্রীবাহী বাস ‘মামুন স্পেশাল’ ও ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় বাসে থাকা ১২ জন মারা যায় এবং ২৫ জন গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়।

বিজ্ঞাপন

প্রাথমিক তদন্তে জানা যায় কর্তব্যরত গেটম্যান রেলক্রসিং এর গেট বন্ধ না করায় দূর্ঘটনাটি সংঘটিত হয়। ওই ঘটনায় ভিকটিম সোহেল রানার (৪৬) খালা শেফালী আক্তার বাদী হয়ে লাকসাম রেলওয়ে থানায় গত ২৩ মার্চ একটি মামলা দায়ের করেন।

তিনি বলেন, ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে। তথ্য প্রযুক্তির সহায়তা ও প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ মার্চ সন্ধ্যা ৭টা ২০ মিনিটে র‍্যাব-১১ এর কুমিল্লার বুড়িচং থানাধীন শংকুচাইল এলাকা থেকে ওই ঘটনার সঙ্গে জড়িত প্রধান আসামি মো. হেলালকে গ্রেফতার করে।

র‍্যাব-১১ এর উপ-অধিনায়ক বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, দূর্ঘটনায় কবলিত যাত্রীবাহী ‘মামুন স্পেশাল’ বাসটি ২১ মার্চ সন্ধ্যায় যশোর থেকে লক্ষীপুরের উদ্দেশ্যে রওনা করে এবং ২২ মার্চ রাত ৩টা ১০ মিনিটে বাসটি কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লেগে বাসটি আটকে যায় এবং ট্রেন বাসটিকে টেনে প্রায় ১ কিলোমিটার দূরে নিয়ে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে ১২ জন নিহত হয় এবং ২৫ জন আহত হয়।

এর মধ্যে ১৮ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার্ড করেন এবং ৭ জন কুমিল্লা মেডিকেলে চিকিৎসা নেয়। রেল ক্রসিংয়ে গেটম্যানের দায়িত্বে থাকা গ্রেফতার আসামি মো. হেলাল ও মেহেদী হাসান কেউই ঘটনাস্থলে ছিলেন না। তারা দায়িত্ব অবহেলা করে রেল ক্রসিংয়ের গেট বন্ধ না করায় বাসটি ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। গ্রেফতাররা আসামিকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে সে ওই ঘটনায় নিজের দায়িত্বে অবহেলার কথা অকপটে স্বীকার করেছে।

তিনি বলেন, গ্রেফতাররা আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে লাকসাম রেলওয়ে থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এমএইচ/ইআ
বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে যমুনা গ্রুপ
২৫ মার্চ ২০২৬ ১২:৫৪

আরো