Saturday 27 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনআইডিতে নাম পরিবর্তন: ভোগান্তি কমাতে ইসির নতুন নিয়ম

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৬ ২১:১১ | আপডেট: ২৫ মার্চ ২০২৬ ২৩:৫৬

– ফাইল ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) নিজের কিংবা বাবা-মায়ের নাম আমূল পরিবর্তনের ক্ষেত্রে নাগরিকদের ভোগান্তি কমানোর উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে নাম সংশোধনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, বায়োমেট্রিক বা আঙুলের ছাপ যাচাইয়ের (FIS Matching) জন্য গ্রাহকদের একাধিক অফিসে দৌড়ঝাঁপ করতে হবে না। একটি অফিস থেকেই এই সেবা পাওয়া যাবে।

বুধবার (২৫ মার্চ) নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগে আঙুলের ছাপ যাচাইয়ের কাজটি কেবল উপজেলা পর্যায়ে সীমাবদ্ধ ছিল। এখন থেকে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারাও এই কাজটি করতে পারবেন।

বিজ্ঞাপন

জানা গেছে, জাতীয় পরিচয়পত্রে বড় ধরনের নাম পরিবর্তনের ক্ষেত্রে ইসির সার্ভারে আঙুলের ছাপ মিলিয়ে পরিচয় নিশ্চিত করতে হয়। এতদিন নিয়ম ছিল, নাম পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত দিতেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, আর আঙুলের ছাপ মেলানোর কাজটি হতো উপজেলা নির্বাচন অফিসে। ফলে সেবাগ্রহীতাদের একই কাজের জন্য দুই অফিসে ছোটাছুটি করতে হতো।

নতুন এই সিদ্ধান্তের ফলে, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাই সরাসরি আঙুলের ছাপ যাচাই করে আবেদন নিষ্পত্তি করতে পারবেন। এতে নাগরিকদের সময় যেমন বাঁচবে, তেমনই কমবে হয়রানি।