ঢাকা: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে আয়োজিত এ রাষ্ট্রীয় অনুষ্ঠানে তিনি বিভিন্ন আনুষ্ঠানিকতায় অংশ নেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবার জাতীয় প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হলেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এ সময় তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদের সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিদেশি কূটনীতিকসহ দেশি-বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত এ কুচকাওয়াজ নবম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে।