Friday 27 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মায় ডুবে যাওয়া বাসের রেজিস্ট্রেশন স্থগিতের নির্দেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৬ ১৫:৩২

রাজবাড়ী: রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে সৌহার্দ্য পরিবহনের একটি বাস যাত্রীসহ পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সৌহার্দ্য পরিবহনের বাসটির রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) বিআরটিএ রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মুহাম্মদ অহিদুর রহমানের সই করা এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়েছে।

বিআরটিএ’র তদন্ত প্রতিবেদন অনুযায়ী, গত ২৫ মার্চ বিকেল ৫টা ১৫ মিনিটে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৫ জন গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

সড়ক পরিবহন আইন ২০১৮ এবং বিধিমালা ২০২২ অনুযায়ী বিআরটিএ রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মুহাম্মদ অহিদুর রহমানের সই করা এক চিঠিতে জানানো হয়, দুর্ঘটনাকবলিত বাসটির রেজিস্ট্রেশন তাৎক্ষণিকভাবে সাময়িক স্থগিত করা হয়েছে। কেন বাসটির রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিল করা হবে না, সে বিষয়ে আগামী ৩ কার্যদিবসের মধ্যে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে মালিককে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে বাসের রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন, ফিটনেস সনদ, রুট পারমিট এবং চালকের ড্রাইভিং লাইসেন্সসহ মূল নথিপত্র তলব করা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে বাসটির রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিলসহ মালিকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। বিআরটিএ’র মোটরযান পরিদর্শক ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছেন।

এই নির্দেশের অনুলিপি বিআরটিএ-র সদর দফতর, জেলা প্রশাসক এবং পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সব দফতরে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর