Friday 27 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএফটিআই ও আইসিডিটি-এর মধ্যে সমঝোতা স্মারক সই

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৬ ১৬:৪০

বাণিজ্য ও বিনিয়োগ ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) ইসলামিক সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ ট্রেড (আইসিডিটি)-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে।

অনুষ্ঠানটি বৃহস্প‌তিবার (২৬ মার্চ) মরক্কোর কাসাব্লাঙ্কায় অবস্থিত আইসিডিটি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ১৯৮৪ সালে ওআইসি (ইসলামিক সহযোগিতা সংস্থা)-এর একটি সহযোগী সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত আইসিডিটি ওআইসি অঞ্চলজুড়ে বাণিজ্য ও বিনিয়োগ প্রসারের জন্য কাজ করতে দায়বদ্ধ।

বৃহস্প‌তিবার (২৬ মার্চ) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওআইসিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি এম জে এইচ জাবেদ এবং আইসিডিটির মহাপরিচালক মিসেস লতিফা এলবুআবদেলাউই নিজ নিজ সংস্থার পক্ষে সমঝোতা স্মারকটিতে স্বাক্ষর করেন। স্বাক্ষর অনুষ্ঠানে মরক্কোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিসেস সাদিয়া ফাইজুন্নেসা এবং আইসিডিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের পূর্বের আলোচনায় বাংলাদেশ পক্ষ উল্লেখ করেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ আকর্ষণ করা। বাংলাদেশ সরকার তার বাণিজ্য অংশীদারদের সর্বাত্মক সমর্থন দিতে প্রস্তুত, যাতে আন্তর্জাতিক অঙ্গনে একটি বাণিজ্যপ্রধান দেশ হিসেবে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়।

বাংলাদেশ প্রতিনিধিদল আইসিডিটি-র গবেষকদের তাদের গবেষণা ও নীতি পরামর্শমূলক কার্যক্রমে বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক খাত ও উপখাত অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ জানায়। বাংলাদেশ প্রতিনিধিরা এই সমঝোতা স্মারক সইয়ের দূরদর্শী সিদ্ধান্তের জন্য আইসিডিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান, যা বিএফটিআই এবং আইসিডিটি-র মধ্যে ধারণা বিনিময়, পেশাদার এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতার পথ প্রশস্ত করবে।

উভয় পক্ষই আশাবাদী যে, বাংলাদেশের প্রতিভাবান পেশাজীবীরা আইসিডিটি-র বহুমুখী কর্ম কর্মসূচিতে সরাসরি অবদান রাখার সুযোগ পাবেন।

উভয় পক্ষ আশা প্রকাশ করেছে, এটি প্রাথমিকভাবে দুই বছরের জন্য চালু থাকবে, তবে উভয় পক্ষের সম্মতি সাপেক্ষে ভবিষ্যতে এর সময়সীমা বাড়ানোর সুযোগ থাকবে।

আইসিডিটি-র মহাপরিচালক আইসিডিটি-র সঙ্গে আনুষ্ঠানিক সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ে এগিয়ে আসায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।

মিসেস এল বুআবদেলাউই উল্লেখ করেন যে, বাংলাদেশ আইসিডিটিসহ সকল ওআইসি সংস্থায় নিয়মিত অবদানকারী এবং বিভিন্ন ওআইসি ফোরামে একটি অত্যন্ত সক্রিয় সদস্য। এই সমঝোতা স্মারক সই একটি ঐতিহাসিক মুহূর্ত। তিনি এই ফলপ্রসূ আলোচনা এবং অবশেষে সমঝোতা স্মারক সইয়ের জন্য প্রয়োজনীয় মাঠপর্যায়ের কাজের জন্য ওআইসি-তে নিযুক্ত বাংলাদেশ স্থায়ী মিশন, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয় এবং বিএফটিআই ও আইসিডিটি-র পেশাজীবীদের ধন্যবাদ জানান।

তিনি জানান, ওআইসি প্রক্রিয়ায় বাংলাদেশের ধারাবাহিক অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ তার সংস্থা বিভিন্ন বাণিজ্য উন্নয়নমূলক উদ্যোগে বাংলাদেশকে একটি পাইলট দেশ হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করছে। এর মধ্যে আইসিডিটির বাণিজ্য ও বিনিয়োগ সংযোগমূলক কাজ পরিচালনার জন্য ঢাকাকে একটি আঞ্চলিক কেন্দ্র হিসেবে মনোনীত করাও অন্তর্ভুক্ত।

তিনি আরও জানান যে, বাংলাদেশের ওপর আইসিডিটির কান্ট্রি প্রোফাইল শিগগিরই হালনাগাদ করা হবে এবং তারা ২০২৬-২৭ সালের জন্য একটি বাণিজ্য ও বিনিয়োগ কান্ট্রি প্রোগ্রাম বাস্তবায়নের বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা শুরু করবে, যার মধ্যে ব্র্যান্ডিং, প্রদর্শনী, কর্মশালা, বাণিজ্য আলোচনা বিষয়ক অধিবেশন আয়োজন এবং বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি অন্তর্ভুক্ত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর