রাজবাড়ী: প্রচণ্ড ঝড় ও দমকা হাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সাড়ে ৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সকাল ৬টা ৫০ মিনিটের দিকে নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রি ও যানবাহন ঘাট এলাকায় আটকে পড়ে।
এর আগে ঝোড়ো বাতাসের কারণে পদ্মা নদী উত্তাল হয়ে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে রাত ৩টা ২০ মিনিটের দিকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এ সময় দৌলতদিয়া প্রান্তে ৪ নম্বর ঘাটে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফেরি, ৭ নম্বর ঘাটে এনায়েতপুরী, বাইগার, বনলতা ফেরি আটকা পড়ে। এছাড়া পাটুরিয়া প্রান্তে ৩ নম্বর ঘাটে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, বিএস ডা. গোলাম মাওলা, হাসনাহেনা ও ৪ নম্বর ঘাটে শাহ মখদুম, কুমিল্লা, শাহ পরান, খান জাহান আলী এবং ৫ নম্বর ঘাটে ভাষা শহিদ বরকত ফেরি আটকা পড়ে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) জেসানুল ইসলাম তপু বলেন, নদীতে ঝোড়ো বাতাস কমে যাওয়ায় সাড়ে ৩ ঘণ্টা পর সকাল ৬টা ৫০ মিনিট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে এই নৌরুটে ১৭টি ফেরি চলাচল করছে। সিরিয়াল অনুয়ায়ী অপেক্ষামাণ যানবাহন ও যাত্রীদের পারাপার করা হচ্ছে।