হিলি: টানা ১০ দিনের ছুটি শেষে আজ শনিবার (২৮ মার্চ) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও তা স্থগিত রয়েছে। ভারতীয় হিলি কাস্টমসের সুপারিনটেনডেন্ট (অ্যাডমিন) মধুসূদন দত্তের আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করে আজ আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রেখেছেন ভারতীয় ব্যবসায়ীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘ বিরতির পর আজ থেকে বন্দরে প্রাণচাঞ্চল্য ফেরার কথা ছিল। তবে ভারতীয় কাস্টমস কর্মকর্তার মৃত্যুর খবর আসার পর ওপার থেকে কোনো পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করেনি। শোকের প্রতি সমবেদনা জানিয়ে দুই দেশের ব্যবসায়ীরা আজ বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে হিলি স্থলবন্দর কাস্টমস সি অ্যান্ড এফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, শাহিনুর ইসলাম শাহিন জানান, ভারতীয় কাস্টমস কর্মকর্তা মধুসূদন দত্তের মৃত্যুতে আজ শনিবার দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে।
তবে আগামীকাল রোববার (২৯ মার্চ) সকাল থেকে পুনরায় পুরোদমে বন্দর দিয়ে পণ্য পরিবহন ও বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।
উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা ১০ দিন এই বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আনুষ্ঠানিক বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল। দীর্ঘ বিরতি কাটিয়ে আজ পুনরায় বাণিজ্যিক কর্মকাণ্ড শুরু হওয়ার কথা থাকলেও, ভারতীয় কাস্টমস কর্মকর্তার এই আকস্মিক মৃত্যুর ঘটনায় তা আরও একদিনের জন্য পিছিয়ে গেল।
এদিকে হিলি কাস্টমস ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুজ্জামান আরিফ জানান, ভারতীয় কাস্টমস কর্মকর্তা মধুসূদন দত্তের আকস্মিক মৃত্যুতে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।