ঢাকা: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য সমন্বিত ডিজিটাল ডাটাবেজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ব্যক্তিগত, শিক্ষাগত, পারিবারিক ও চাকরি সংক্রান্ত তথ্য সংবলিত পারসোনাল ডাটা শিট (পিডিএস) প্রস্তুতের কাজ শুরু করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
সম্প্রতি জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন তথ্য ম্যানুয়াল পদ্ধতিতে পৃথক ফাইল ও শাখায় সংরক্ষিত রয়েছে। এসব তথ্য অনেক ক্ষেত্রে অসম্পূর্ণ বা হালনাগাদ নয়। পাশাপাশি পারিবারিক তথ্যও অফিসে সংরক্ষিত না থাকায় প্রয়োজনীয় তথ্য দ্রুত খুঁজে পাওয়া ও যাচাই করা কঠিন হয়ে পড়ে।
এর ফলে মানবসম্পদ ব্যবস্থাপনা, পদায়ন, পদোন্নতি, প্রশিক্ষণ এবং কর্মচারীদের কল্যাণমূলক সেবা প্রদানের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রমে বিলম্ব ঘটে এবং নানা জটিলতা সৃষ্টি হয়।
এ প্রেক্ষাপটে সব তথ্য একত্র করে একটি সমন্বিত ডিজিটাল ডাটাবেজে সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনলাইনে পারসোনাল ডাটা শিট তৈরি করা হলে প্রয়োজনীয় তথ্য দ্রুত ও সহজে পাওয়া যাবে। এতে প্রশাসনিক কার্যক্রম আরও আধুনিক, গতিশীল এবং তথ্যপ্রযুক্তিনির্ভর হবে।
বিজ্ঞপ্তিতে হাইকোর্ট বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্য পূরণ করে স্বাক্ষর ও ছবিসহ আগামী ৭ এপ্রিলের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।