ঢাকা: পবিত্র রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ৪০ দিনের ছুটি শেষে আজ রোববার (২৯ মার্চ) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় খুলছে। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আজ থেকে নিয়মিত শ্রেণিক কার্যক্রম শুরু হচ্ছে।
বার্ষিক ছুটির সূচি অনুযায়ী, গত ১৯ ফেব্রুয়ারি থেকে এই ছুটি শুরু হয়ে ২৬ মার্চ পর্যন্ত স্থায়ী হয়। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আজ থেকে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়: বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের সরকারি সিদ্ধান্তে ৯ মার্চ থেকে বন্ধ থাকা বিশ্ববিদ্যালয়গুলো আজ থেকে সচল হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ প্রায় সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আজ থেকে পুরোদমে অ্যাকাডেমিক কার্যক্রম চলবে।
প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ সূচি: দীর্ঘ ছুটিতে পড়াশোনার যে ঘাটতি হয়েছে, তা পূরণে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরবর্তী ১০টি শনিবার ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ী, আগামী ৪ এপ্রিল (শনিবার) পাঠদান চলবে।
এদিকে, দীর্ঘ ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে কিছু নির্দেশনা মানতে হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
গত বুধবার (২৫ মার্চ) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদুল ফিতর ২০২৬-এর ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পূর্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং বছরব্যাপী এ কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
নির্দেশনায় মন্ত্রণালয় জানিয়েছে, ঈদুল ফিতর ২০২৬ এর ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পূর্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে; প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নিয়মিত তদারকি জোরদার করতে হবে; প্রতি সপ্তাহে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে; শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ ও বাগান পরিচর্যা নিশ্চিত করতে হবে এবং শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে উদ্বুদ্ধকরণ কার্যক্রম গ্রহণ করতে হবে।
এছাড়া রমজানের ছুটির কারণে তৈরি হওয়া শিখন ঘাটতি পুষিয়ে নিতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরবর্তী ১০টি শনিবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই নির্দেশনা অনুযায়ী, আগামী ৪ এপ্রিল (শনিবার) থেকেই সাপ্তাহিক ছুটির দিনে নিয়মিত পাঠদান চলবে। মূলত শিক্ষাবর্ষের নির্ধারিত সিলেবাস যথাসময়ে শেষ করতেই এই বিশেষ পদক্ষেপ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
দীর্ঘ ছুটি শেষে আজ খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান
সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৬ ০৯:৫৬
২৯ মার্চ ২০২৬ ০৯:৫৬
সারাবালা/এনএল/এনজে