ঢাকা: ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদে নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন তাবিথ আউয়াল এবং নাজনীন আহমেদ।
ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা এবং ৪৭(৩) ধারার ক্ষমতাবলে গত ৩১ মার্চ বাংলাদেশ ব্যাংক এ নিয়োগ দিয়েছে।
রোববার (৫ এপ্রিল) ন্যাশনাল ব্যাংক-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন নিয়োগপ্রাপ্ত এই দুই পরিচালক ৫ এপ্রিল অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫৪১তম সভায় প্রথমবারের মতো অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক মোয়াজ্জেম হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মুখলেসুর রহমান, অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. আব্দুস সাত্তার সরকার, স্বতন্ত্র পরিচালক মোঃ জুলকার নায়েন, বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক মুনীর আহমেদ চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী।
প্রসঙ্গত ব্যবসায়ী ও উদ্যোক্তা তাবিথ আউয়াল ব্যাংকিং, বীমা, রিয়েল এস্টেট, জ্বালানি, কৃষি, টেক্সটাইল ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে সক্রিয়। তিনি বর্তমানে মাল্টিমোড গ্রুপের ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্তও তিনি ন্যাশনাল ব্যাংকের পরিচালক ছিলেন। পাশাপাশি তিনি বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমসে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
অন্যদিকে নাজনীন আহমেদ গার্মেন্টস, কেমিক্যাল ও প্যাকেজিং খাতে দুই দশকের বেশি অভিজ্ঞতাসম্পন্ন উদ্যোক্তা। বর্তমানে তিনি ডাই অ্যাফিন লিমিটেড ও অফিসিনা বিডি লিমিটেড-এর চেয়ারম্যান। এছাড়া টিএস হোল্ডিংস লিমিটেড ও জাইটা গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। কর্মজীবনের শুরুতে তিনি ঢাকায় কানাডিয়ান হাই কমিশনে কনস্যুলার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন এবং পরবর্তীতে কেয়ার কানাডার কনসালট্যান্ট হিসেবে নারীর ক্ষমতায়ন ও গ্রামীণ জীবিকা উন্নয়নে অবদান রাখেন। তিনি কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয় থেকে উইমেনস স্টাডিজে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।