ঢাকা: জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাড়িয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল সিরাজগঞ্জ-৪ আসনের এমপি মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ফেসবুকে একজনের স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে সাওদা সুমি নামে ভোলায় এক নারীকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজকে অফিস চলাকালীন সময়ের মধ্যে মুক্তি দিতে হবে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ অধিবেশন চলাকালে তিনি এ দাবি করেন।
রফিকুল ইসলাম বলেন, ওই নারীকে গ্রেফতার করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে উপরের নির্দেশে তাকে গ্রেফতার করা হয়েছে। এটা ফ্যাসিবাদ আমলের মতো ঘটনা।
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘সংসদে এভাবে আল্টিমেটাম দেওয়া যায় না। তবে এই বিষয়টি মাননীয় বিরোধীদলীয় নেতা আমাকে জানিয়েছেন। আমি এ বিষয়টির একটি সমাধান দেওয়ার চেষ্টা করবো। আপনি যে বিষয়টি বলেছেন এটা এভাবে বলা যায় না। আপনি কোন বিধিতে কথা বলেছেন তাও জানাননি।’
উল্লেখ্য, ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে গত ৫ এপ্রিল রাতে ভোলা জেলা জামায়াতের এক নারী কর্মিকে পুলিশ গ্রেফতার করে।