ঢাকা: মধ্যপ্রাচ্যে বর্তমানে চলমান অস্থিরতা জ্বালানির মূল্য বৃদ্ধিতে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর। তবে চলমান সংকট মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।
সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্ন উত্তর পর্বে সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের লিখিত উত্তরে বাণিজ্যমন্ত্রী এ কথা জানান। এ সময় অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সভাপতিত্ব করেন।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর বলেন, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতা (ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক উত্তেজনা) বৈশ্বিক অর্থনীতি ও বাণিজ্যে প্রভাব ফেলার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। মধ্যপ্রাচ্য বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। বাংলাদেশ হতে প্রধানত তৈরি পোশাক, ঔষধ, হিমায়িত খাদ্য ও চামড়াজাত ইত্যাদি পণ্য সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত ও ওমান এর বাজারে রফতানি হয়ে থাকে।
মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে বর্তমানে চলমান অস্থিরতা জ্বালানির মূল্য বৃদ্ধিতে ভূমিকা রয়েছে, যার আমদানি ব্যয়, শিপিং ও বীমা খরচ বৃদ্ধি, মধ্যপ্রাচ্যের বাজারে রফতানি হাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং রেমিটেন্স প্রবাহে চ্যালেঞ্জ সৃষ্টির আশংকা তৈরি করেছে। চলমান সংকট মোকাবেলায় সামগ্রিক পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ভারত, নেপাল, ভুটানসহ পূর্ব এশিয়ান দেশসমূহে রফতানি বৃদ্ধি। গার্মেন্টস পণ্যের পাশাপাশি ঔষধ, কৃষিজ ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, প্লাস্টিক, হিমায়িত খাদ্য, চিংড়ি ও মৎস্য পণ্য, আইসিটি ও হালকা প্রকৌশল পণ্য রফতানি বৃদ্ধি করার চেষ্টা চলছে।