Wednesday 13 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬ হাজার কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ১৯:৪৩ | আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ২১:৩১

– ছবি : কোলাজ ও প্রতীকী

ঢাকা: চলতি বছরের এপ্রিল মাসের প্রথম ১৯ দিনেই দেশে প্রবাসী আয়ের প্রবাহ ২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, যা বৈদেশিক মুদ্রা অর্জনে ইতিবাচক ধারার ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশ ব্যাংক-এর সর্বশেষ তথ্যে জানা গেছে, ১ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২ দশমিক ১২ বিলিয়ন মার্কিন ডলার।

বর্তমান বাজারদর অনুযায়ী, (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এই অর্থের পরিমাণ প্রায় ২৫ হাজার ৯৪৯ কোটি টাকা।

সোমবার(২০ এ‌প্রিল) বাংলা‌দেশ ব্যাং‌কের মুখপাত্র আ‌রিফ হো‌সেন খান এ তথ্য জানায়।

গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ দশমিক ৭১ বিলিয়ন ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে প্রায় ৪০৮ মিলিয়ন ডলার বেশি এসেছে, যা টাকায় প্রায় ৪ হাজার ৯৭৮ কোটি টাকার সমান।

বিজ্ঞাপন

এর আগে গত মার্চে দেশে রেমিট্যান্স প্রবাহ ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। ওই মাসে প্রবাসীরা ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার দেশে পাঠান। এর আগে ২০২৫ সালের মার্চে ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার এবং একই বছরের ডিসেম্বরে ৩ দশমিক ২২ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারিতেও রেমিট্যান্স ছিল শক্ত অবস্থানে—ওই মাসে প্রবাসী আয় দাঁড়ায় ৩ দশমিক ১৭ বিলিয়ন ডলার।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপট, বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা, ডলারের চাহিদা বাড়িয়েছে। ফলে টাকার বিপরীতে ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় প্রবাসীরা দেশে বেশি অর্থ পাঠাতে উৎসাহিত হচ্ছেন।

তবে অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দীর্ঘায়িত হলে এর প্রভাব বাংলাদেশের বৈদেশিক মুদ্রাবাজার ও সামগ্রিক অর্থনীতিতে পড়তে পারে। এজন্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখা এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

সারাবাংলা/এসএ/এসআর