Wednesday 13 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইস্টার্ন ব্যাংকের নতুন এমডি হাসান রশিদ

স্টাফ করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ২১:২১ | আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ০৯:২৫

হাসান ও. রশিদ – ছবি : সংগৃহীত

ঢাকা: দেশের শীর্ষস্থানীয় ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নিয়েছেন হাসান ও. রশিদ। এর আগে ২০০৭ সাল থেকে ব্যাংকটির এমডি ছিলেন আলী রেজা ইফতেখার। বাংলাদেশে কোনো ব্যাংকেই এত দীর্ঘ সময় ধরে কেউ এমডির দায়িত্ব পালন করেন নি।

সোমবার (২০ এপ্রিল) ইস্টার্ন ব্যাংক এ তথ্য জানায়।

হাসান ও. রশিদ ইবিএলে যোগদানের আগে প্রাইম ব্যাংকে এমডি হিসেবে দায়িত্ব পালন করেন। তারও আগে তিনি ইস্টার্ন ব্যাংকে অতিরিক্ত এমডি ছিলেন।

ইস্টার্ন ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ব্যাংকিং খাতে ৩১ বছরের বেশি কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন হাসান ও. রশিদ দেশীয় এবং বহুজাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি ক্রেডিট অ্যাগ্রিকোল ইন্দোসুয়েজ, এইচএসবিসি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে উচ্চ পদে কাজ করেছেন।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ট্রান্সফরমেশন, ইনোভেশন ও কৌশলগত নেতৃত্বের জন্য হাসান ও. রশিদ পরিচিত। ইতোপূর্বে তিনি ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত ইবিএল-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে ইবিএল-এর ব্যালান্স শিট দ্বিগুণ হয়, ট্রেড ফাইন্যান্স কার্যক্রম ব্যাপকভাবে সম্প্রসারিত হয়। দেশে প্রথমবারের মতো কমার্শিয়াল পেপার ও জিরো কুপন বন্ডের মতো আর্থিক উপকরণ চালু করা হয়।

হাসান রশিদ যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ইউনিভার্সিটি থেকে অর্থনীতি ও ব্যবসায় প্রশাসনে স্নাতক এবং গারভিন স্কুল অব ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট, থান্ডারবার্ড থেকে আন্তর্জাতিক ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ওয়াল স্ট্রিট জার্নাল স্টুডেন্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড লাভ করেন। এ ছাড়া যুক্তরাজ্যের ওমেগা থেকে ‘ক্রেডিট প্রফেশনাল’ সনদ অর্জন করেন তিনি।