Sunday 21 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রমে স্থিতাবস্থা বজায় রাখতে আপিল

স্টাফ করেসপন্ডেট
২১ এপ্রিল ২০২৬ ১৪:৫৬ | আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৫:৫৩
ঢাকা: সুপ্রিম কোর্ট সচিবালয়ের চলমান কার্যক্রম অপরিবর্তিত রাখার নির্দেশনা চেয়ে আপিল করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক বদিউল আলম মজুমদার এ আবেদন দায়ের করেন। আপিলে সচিবালয়ের বর্তমান কার্যক্রম যেভাবে পরিচালিত হচ্ছে তা অব্যাহত রাখার নির্দেশ চাওয়া হয়েছে।
এর আগে বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত রায়ের বিষয়ে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ সংক্রান্ত রিটের শুনানি মুলতবি করেন হাইকোর্ট। একই সঙ্গে সুপ্রিম কোর্ট সচিবালয়ের বিদ্যমান অবকাঠামো অপরিবর্তিত রাখার বিষয়ে সরকারের প্রতি প্রত্যাশা ব্যক্ত করেন আদালত।
বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ পর্যবেক্ষণ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
এর আগে অন্তর্বর্তী সরকারের জারি করা সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। ওই রিটে সচিবালয়টি বহাল রাখার আবেদন জানানো হয়েছে।
অ্যাডভোকেট সাদ্দাম হোসেনসহ সাতজন আইনজীবী জনস্বার্থে এ রিট দায়ের করেন। এতে মন্ত্রিপরিষদ সচিব, সংসদ সচিবালয়ের সচিব ও আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
উল্লেখ্য, গত ৯ এপ্রিল জাতীয় সংসদ অন্তর্বর্তী সরকারের জারি করা সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত তিনটি অধ্যাদেশ বাতিল করে। বিরোধী দলের আপত্তি উপেক্ষা করে বিলগুলো পাস হয়। এর ফলে বিচার বিভাগ পূর্বাবস্থায় ফিরে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়। বিচারক নিয়োগ সংক্রান্ত আইন বিলুপ্ত হচ্ছে এবং স্বতন্ত্র সচিবালয়ও বাতিলের পথে।
এর আগে সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় গঠনের নির্দেশ দিয়ে রায় দিয়েছিল হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধেই রাষ্ট্রপক্ষ আপিল করার উদ্যোগ নিয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর