Thursday 11 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানের ওপর নৌ অবরোধ অনির্দিষ্টকাল চলবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
২৫ এপ্রিল ২০২৬ ১২:২০ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৫:২৪

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানি জাহাজ ও বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ যতদিন প্রয়োজন ততদিন বহাল থাকবে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে দ্রুত কোনো শান্তিচুক্তিতে পৌঁছাতে আগ্রহী নয়।

শুক্রবার (২৪ এপ্রিল) পেন্টাগনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হেগসেথ বলেন, ‘অপারেশন এপিক ফিউরি’-র সময়সীমা পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। প্রায় দুই মাস ধরে চলা এই সামরিক অভিযানের মধ্যেই ট্রাম্প সম্প্রতি ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন এবং জানান, আলোচনা শেষ না হওয়া পর্যন্ত নৌ অবরোধ অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ইরান এই অবরোধকে যুদ্ধবিরতির লঙ্ঘন বলে সমালোচনা করেছে। তবে হেগসেথ বলেন, ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি ত্যাগ না করে, তাহলে মার্কিন চাপ অব্যাহত থাকবে এবং তাদের অর্থনীতি আরও ভেঙে পড়বে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, যুদ্ধের প্রথম চার সপ্তাহেই যুক্তরাষ্ট্র ইরানের সামরিক শক্তিকে কার্যত ধ্বংস করে দিয়েছে। এখন তারা শুধু অপেক্ষা করছে কী ধরনের চুক্তি সামনে আসে।

হেগসেথও বলেন, ‘আমাদের হাতে অনেক সময় আছে। আমরা কোনো চুক্তির জন্য উদ্বিগ্ন নই।’

প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, হরমুজ প্রণালিতে ইরানি জাহাজের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ এখন অটুট এবং খুব শিগগিরই সেখানে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী মোতায়েন করা হবে।

এদিকে, ট্রাম্প নির্দেশ দিয়েছেন, হরমুজ প্রণালিতে কোনো জাহাজ মাইন স্থাপনের চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে ধ্বংস করতে হবে। এ বিষয়ে হেগসেথ বলেন, ‘কোনো দ্বিধা ছাড়াই আমরা প্রতিক্রিয়া জানাব।’