ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের গাড়িতে বাসের ধাক্কা লেগেছে। এতে প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় বাসের চালককে গ্রেফতার করা হয়েছে। বাসটিও জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ৯টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানিয়েছে, ঢাকা-ময়মনসিংহ সড়কের বনানী চেয়ারম্যান বাড়ি ফুটওভার ব্রিজের নিচে সড়ক দুর্ঘটনা হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ওই সড়ক দিয়ে যাওয়ার সময় তাকে বহনকারী গাড়িটিতে পেছনের দিক থেকে একটি মিনিবাস ধাক্কা দেয়। এর ফলে গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তাৎক্ষণিকভাবে গাড়ির ড্রাইভার মো. ওমর ফারুককে (২৫) আটক করে থানা হেফাজতে নেওয়া হয়। বাস ও বাসের ড্রাইভারকে হেফাজতে নেওয়ার পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার বাসভবনের উদ্দেশ্যে রওয়ানা দেন।
একটি গোয়েন্দা সংস্থার তথ্যমতে জানা যায়, গাড়িতে সজোরে ধাক্কা লাগার ফলে শামা ওবায়েদ সামান্য আহত হয়েছেন। পরে তিনি গুলশান এলাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম সারাবাংলাকে বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে বহনকারী গাড়িতে ধাক্কা দেওয়ার ঘটনায় রাতেই একটি মামলা হয়েছে। ওই মামলায় চালককে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
চালকের কাগজপত্র ঠিক আছে কিনা জানতে চাইলে ওসি বলেন, এ বিষয়ে এখনো অবগত নন তিনি।
তবে মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিক আহমেদ সারাবাংলাকে বলেন, চালকের লাইসেন্সআমরা এখনো জব্দ করতে পারিনি। চালক জানিয়েছে, তার কাগজপত্র আছে তবে ক্যান্টনমেন্টে এমপি চেকপোস্টে মামলা খেয়েছিল সেখানে লাইসেন্স জব্দ আছে। আপাতত আদালতে নেওয়া হয়েছে। পরবর্তীতে এটি সত্য মিথ্যা যাচাই করা হবে।
চালক প্রতিমন্ত্রীর গাড়িটিতে ধাক্কা দিলেন কেন জানতে চাইলে এসআই বলেন, চালক বলেছে, গাড়ির গতি বেশি থাকায় কন্ট্রোল করতে পারেননি। সিসিটিভি ফুটেজ দেখলে সব বের হবে যে ইচ্ছাকৃত ছিল কিনা।