Friday 01 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাথমিক বিদ্যালয় দিয়ে পাইলট প্রকল্প শুরু হবে: শিক্ষামন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৬ ১৫:০৭ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ১৬:০৭

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

ঢাকা: দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ প্রদানের একটি বড় উদ্যোগ নিয়েছে সরকার। আগামী জুলাই মাস থেকে পাইলট প্রকল্প হিসেবে এই কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে। প্রাথমিক পর্যায়ে প্রতিটি উপজেলার দুটি করে বিদ্যালয়কে এই কর্মসূচির আওতায় আনা হবে। এই প্রক্রিয়ায় প্রায় এক লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে শিক্ষা উপকরণ প্রদান করা হবে।

বুধবার (২৯ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

বিজ্ঞাপন

তিনি জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয় দিয়ে এই পাইলট প্রকল্প শুরু হলেও পর্যায়ক্রমে দেশের সব সরকারি স্কুল ও মাদরাসার শিক্ষার্থীদের এই সুবিধার আওতায় নিয়ে আসার লক্ষ্য রয়েছে সরকারের। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই উদ্যোগ বাস্তবায়নে কাজ চলছে।

এই বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরিফুল আলম, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা উপদেষ্টা মাহদী আমীন, মন্ত্রণালয়ের সচিববৃন্দ এবং দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিরা। বৈঠকে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানসহ বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের নেতারা সরকারের এই মহতী উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাইলট প্রকল্পের আওতায় প্রয়োজনীয় সামগ্রীগুলো সরবরাহ করবে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করা হবে। প্রাথমিক পর্যায়ের এই কার্যক্রমের অভিজ্ঞতা ও ফলাফল বিশ্লেষণ করে পরবর্তীতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচিটি সম্প্রসারণ করা হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে এবং বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার বাড়বে। বিশেষ করে নিম্নবিত্ত ও অসচ্ছল পরিবারের শিশুদের পড়াশোনায় উৎসাহিত করতে এই সহায়তা বড় ধরনের ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন নীতিনির্ধারকরা। দেশের ব্যবসায়ী সমাজও সরকারের এই জনকল্যাণমুখী কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর