Wednesday 29 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ বছরে ৫ হাজার ৯০০ কোটি টাকার সুকুক ইস্যু করবে সরকার

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৬ ২০:০৬

ঢাকা: পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের অর্থায়নে ৭ বছর মেয়াদি ‘CIBRR-1 Socio-Economic Development Sukuk’ ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সুকুকের মাধ্যমে মোট ৫ হাজার ৯০০ কোটি টাকা তোলা হবে।

বুধবার (২৯ এ‌প্রিল) বাংলা‌দেশ ব্যাং‌কের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স এন্ড পাবলিকেশন্স থে‌কে এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘Construction of Important Bridges in Rural Roads (1st Revised)’ প্রকল্প বাস্তবায়নে এই সুকুক ইজারা পদ্ধতিতে ইস্যু করা হচ্ছে। এর মেয়াদ ৭ বছর এবং মেয়াদপূর্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ এপ্রিল ২০৩৩।

সুকুকে বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় রিটার্ন নির্ধারণ করা হয়েছে। ৭ বছরে মোট ৪ হাজার ২৯৫ কোটি ২০ লাখ টাকা ভাড়া (রিটার্ন) দেওয়া হবে, যা বছরে ১০.৪০ শতাংশ হারে ষান্মাষিক ভিত্তিতে পরিশোধ করা হবে।
এই সুকুকের নিলাম প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের নিজস্ব সফটওয়্যার ‘Shariah Securities Module (SSM)’ এর মাধ্যমে অনুষ্ঠিত হবে। নির্ধারিত তারিখে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিনিয়োগকারীরা অনলাইনে বিড দাখিল করতে পারবেন এবং বিকাল ৪টায় ফলাফল জানা যাবে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চলতি বা আল-ওয়াদিয়াহ হিসাব রয়েছে এমন সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সরাসরি নিলামে অংশ নিতে পারবে। এছাড়া ব্যক্তি বিনিয়োগকারী, কর্পোরেট প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, প্রভিডেন্ট ফান্ডসহ অন্যান্য বিনিয়োগকারীরাও সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে অংশগ্রহণের সুযোগ পাবেন। নতুন বিনিয়োগকারীদের জন্য নির্ধারিত সময়ের মধ্যে Sukuk Investor ID (SI ID) খোলার নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকার মনে করছে, এ সুকুক ইস্যুর মাধ্যমে দেশের অবকাঠামো উন্নয়ন ত্বরান্বিত হওয়ার পাশাপাশি শরিয়াহভিত্তিক বিনিয়োগের সুযোগও সম্প্রসারিত হবে।

সারাবাংলা/এসএ/এসআর