ঢাকা: সারা দেশে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সময় বজ্রপাতে অন্তত ১২ জন মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। বুধবার (২৯ এপ্রিল) দিনের বিভিন্ন সময় দেশের সাতটি জেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।
এর মধ্যে পটুয়াখালীতে চার জন, জামালপুরে দু’জন, বরগুনায় দু’জন, ময়মনসিংহে একজন, বাগেরহাটে একজন, রংপুরে একজন ও রাজবাড়ীতে একজন মারা যান।
পটুয়াখালী
পটুয়াখালীর বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে চার জন নিহত হয়েছেন। আজ দিনের বিভিন্ন সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে। একইসঙ্গে গত দু’দিনে বজ্রপাতে অর্ধশতাধিক গরুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকাল ৯টার দিকে রাঙ্গাবালী উপজেলার চরগঙ্গা গ্রামে মাঠে গরু বাঁধতে গিয়ে সৌরভ মজুমদার (২২) বজ্রপাতে মারা যান। দুপুর ১টার দিকে কলাপাড়া উপজেলার তারিকাটা গ্রামে ভুট্টা খেতে কাজ করার সময় বজ্রপাতে জহির উদ্দিনের (২৮) মৃত্যু হয়। দুপুর ২টার দিকে পূর্ব চাকামাইয়া গ্রামে গরুকে ঘাস খাওয়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারান সেতারা বেগম (৫৫)। একই সময়ে শান্তিপুর গ্রামে মাঠ থেকে গরু নিয়ে আসার সময় খালেক হাওলাদারও (৫৫) বজ্রপাতে মৃত্যুবরণ করেন।
রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি), কলাপাড়া থানার (ওসি) ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
জামালপুর
জেলার ইসলামপুরে পৃথক বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছে। নদীতে মাছ ধরতে গিয়ে শামীম মিয়া (৩৫) ও রাস্তার কাজ করার সময় সাগর ইসলাম (১৮) নামে এক শ্রমিক মারা গেছেন। এদিন সকালে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি গ্রামে ও সাপধরী ইউনিয়নের ইন্দুল্লামারী গ্রামে এসব ঘটনা ঘটে। ইসলামপুর থানার ওসি মো. আব্দুল কাইয়ূম গাজী বলেন, ‘বজ্রপাতে দু’জন মারা গেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
বরগুনা
বরগুনায় পৃথক বজ্রপাতে আল-আমীন নামে এক জেলে ও নূরজামাল নামে এক কৃষক মারা গেছেন। বুধবার দুপুরের দিকে পাথরঘাটা ও আমতলী উপজেলায় এ সব ঘটনা ঘটে। পাথারঘাটা থানার ওসি মো. এনামুল হক ও আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী বলেন, ‘আমতলীতে বজ্রপাতে এক কৃষক মারা গেছেন। ঘটনার পর পরই নিহতের পরিবারের সদস্যদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ২৫ হাজার টাকার একটি চেক হস্তান্তর করা হয়েছে।’
রাজবাড়ী
রাজবাড়ীতে বজ্রপাতে সুমন মন্ডল (৩৫) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। এদিন সকাল পৌনে ৭টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মজ্জৎকোল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, তিনি তার সাড়ে তিন বছর বয়সী মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশে দোকানে বাজার আনতে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে মেয়ে কোল থেকে ছিটকে পড়ে আর সুমন বজ্রাঘাতে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মেয়ে সাফিয়ার নাক ও কান দিয়ে সামান্য রক্ত বের হলেও বর্তমানে সে সুস্থ আছে। রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
ময়মনসিংহ
জেলার তারাকান্দায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সাদ্দাম হোসেন (৩২) নামে এক যুবক মারা গেছেন। এদিন সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির অদূরে রাংসা নদীতে মাছ ধরতে যান সাদ্দাম। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হতে থাকে। হঠাৎ একটি বজ্রপাতের আঘাতে তার মৃত্যু হয়। তারাকান্দা থানার ওসি তানবীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
রংপুর
জেলার তারাগঞ্জে বজ্রপাতে এক গৃহবধূ মারা গেছেন। দুপুরে উপজেলার সয়ার ইউনিয়নের কাজীপাড়া গ্রামে ওই গৃহবধূ রান্না করার জন্য বাড়ির পাশে খড়ি সংগ্রহ করতে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়। তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন বলেন, ‘বজ্রপাতে গৃহবধূর মুত্যুর খবর শুনে তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।’
বাগেরহাট
বাগেরহাটে বজ্রপাতে রবিন হাওলাদার (৫৩) নামের এক দিনমজুর প্রাণ হারান। বিকেলের দিকে সদর উপজেলার সরকারডাঙ্গা গ্রামের মাঠে গরু আনতে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়। বাগেরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য হয়েছে।