Monday 22 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি আরবে পৌঁছেছেন ৩৯ হাজার ৩৯৪ জন বাংলাদেশি হজযাত্রী

‎সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৬ ১৩:৪৯ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ১৫:৪৩

‎ঢাকা: পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৯৮টি ফ্লাইটে ৩৯ হাজার ৩৯৪-এর বেশি হজযাত্রী পৌঁছেছেন সৌদি আরবে। এ পর্যন্ত সৌদি আরবে বাংলাদেশি ৭ জন হজযাত্রী মৃত্যুবরণ করেছেন।

‎বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ২টা ৫৯ মিনিটে ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

‎জানা গেছে, এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৩১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৫ হাজার ৩২৩ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন।

‎ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৪৪টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স ৩৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালনা করেছে ১৮টি ফ্লাইট।

বিজ্ঞাপন

‎এ পর্যন্ত মারা যাওয়া সাতজনই পুরুষ। তাদের মধ্যে পাঁচজন মক্কা এবং দুজন মদিনায় মারা গেছেন।

‎সরকারি তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন।

‎গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ওই দিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদির উদ্দেশে যাত্রা করে। আগামী ২১ মে শেষ হবে এই ফ্লাইট পরিচালনা। ৩০ মে থেকে শুরু হবে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট, যা চলবে ৩০ জুন পর্যন্ত।

‎সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর