ঢাকা: রাজধানীর নয়াপল্টনে মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে বিশাল জনসমাবেশ শুরু হয়েছে।
শুক্রবার (১ মে) দুপুরে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। সকালের প্রবল বর্ষণ উপেক্ষা করেই ঢাকা ও এর আশপাশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার শ্রমিক ও নেতা-কর্মী ব্যানার, ফেস্টুন এবং ঢোলসহ মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকেন। বৃষ্টির কারণে সকালে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হলেও দুপুরের আগেই পানি নেমে যাওয়ায় নেতা-কর্মীরা স্বস্তির পরিবেশে সমাবেশে অংশ নিতে পারছেন।
দীর্ঘ প্রবাস জীবন শেষে গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর এই প্রথম কোনো শ্রমিক সমাবেশে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজকের এই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দিবেন। সমাবেশকে ঘিরে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিএনপি কার্যালয়ের সামনে একটি বিশাল মঞ্চ তৈরি করে সেখানে লাল কার্পেট বিছানো হয়েছে এবং মঞ্চের দুপাশে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও চেয়ারম্যান তারেক রহমানের প্রতিকৃতি স্থাপন করা হয়েছে।
জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে স্বাগত বক্তব্য দেন শ্রমিক দল নেতা আব্দুল্লাহ আল মামুন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জের মতো বিভিন্ন শিল্পাঞ্চল থেকে আসা শ্রমিকদের স্রোত এখন নয়াপল্টন অভিমুখী।
সমাবেশের বক্তব্য যেন দূর-দূরান্তের মানুষ শুনতে পায়, সেজন্য ফকিরাপুল থেকে কাকরাইল পর্যন্ত দেড় শতাধিক মাইক স্থাপন করা হয়েছে। এদিকে সমাবেশকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বর্তমানে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে এবং খণ্ড খণ্ড মিছিলে পুরো এলাকা লোকারণ্য হয়ে উঠেছে।