আজ মহান মে দিবস। সারাদেশে নানা আয়োজনের মধ্য দিয়ে ১৪০তম মহান মে দিবস পালিত হয়েছে। এ বছর মে দিবসের প্রতিপাদ্য-‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত।’
মে দিবসে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা এবং রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন দিবসটি পালন করছে শোভাযাত্রা, শ্রমিক সমাবেশ, আলোচনাসভা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে। শুক্রবার (১ মে) সারাবাংলার ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টদের পাঠানো প্রতিবেদনে মে দিবস উদযাপনের চিত্র।
পাবনা: মহান মে দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা শাখার উদ্যোগে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় র্যালিতে দর্জি, হোসিয়ারি, ওয়াকশপ, ডেইরি, পোল্ট্রি, তাঁত, রিকশা-ভ্যান, সেলুন, কুলি, ফার্নিচার, ইটভাটা ও মৎস্য শ্রমিক ইউনিয়নের শতশত শ্রমিকরা অংশগ্রহণ করেন।
ময়মনসিংহ: ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত-আসবে এবার নব প্রভাত’ এই প্রতিপাদ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসন, ময়মনসিংহ আঞ্চলিক শ্রম দপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের আয়োজনে বিভাগীয় জেলা ময়মনসিংহে সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালীর উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
বেনাপোল: ১৪০তম মহান মে দিবস উপলক্ষ্যে বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর উদ্যোগে র্যালি ও আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় স্থলবন্দরের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে বেনাপোল স্থলবন্দর ১ নম্বর ওয়্যারহাউসের শ্রমিক সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল: ‘সুস্থ্য শ্রমিক, কর্মঠ হাত আসবে এবার নব প্রভাত’ এ প্রতিপাদ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে মহান মে দিবস পালিত হয়েছে। সকাল সাড়ে ১১ টায় টাঙ্গাইল শহরের শহিদ মিনার প্রাঙ্গণ থেকে দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
পিরোজপুর: পিরোজপুরে মে দিবস উপলক্ষ্যে সকাল ১০টায় শহরের কৃষ্ণচূড়া মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
কুষ্টিয়া: যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কুষ্টিয়ায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে কুষ্টিয়া জেলা জুড়ে আলোচনা সভা, র্যালি ও সমাবেশের আয়োজন করা হয়। দুপুর ১২টার দিকে কুষ্টিয়া নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে শহরের বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
হিলি: ‘দুনিয়ার মজদুর এক হও, লড়ো’- এই কালজয়ী স্লোগানকে হৃদয়ে ধারণ করে দিনাজপুরের হিলি স্থলবন্দর নগরীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত হয়েছে। সকাল থেকেই বন্দর নগরীর আকাশ-বাতাস শ্রমিকদের আকাশচুম্বী স্লোগান ও মিছিলে মুখরিত হয়ে ওঠে।
রাজবাড়ী: ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে জেলা প্রশাসন ও ফরিদপুরের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
জামালপুর: মহান মে দিবস উপলক্ষ্যে জামালপুরে শ্রমিকদের অধিকার আদায়ের দাবিতে র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় তমালতলা চত্বর থেকে জেলা শ্রমিকদলের উদ্যোগে র্যালি বের হয়ে শহর পদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে শ্রমিক সমাবেশে শোভাযাত্রা সভায় প্রধান অতিথির বক্তব্যে জামালপুর-৫ সদর আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন বলেছেন, ‘শ্রমিকদের মাথার ঘাম শুকানোর আগেই তাদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে। এ সময় তিনি সর্বস্তরের শ্রমিকদের ন্যায্য দাবি সরকারের উচ্চ পর্যায়ে তুলে ধরার অঙ্গীকার করেন।’
নওগাঁ: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে নওগাঁয় বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টার দিকে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে বাংলাদেশে শ্রমিক কল্যাণ ফেডারেশন নওগাঁ জেলা শাখার উদ্যোগে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তির মোড়ে এসে শেষ হয়। পরে মুক্তির মোড় কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুমিল্লা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশের মানুষকে বিভক্ত করার রাজনীতিতে একটি অপশক্তি তৎপর রয়েছে। তাদের অপতৎপরতার ফল হিসেবেই জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধনী) বিল-২০২৬ বর্তমান অবস্থায় রয়েছে। সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পর পুরোনো বিষয় সামনে এনে জাতিকে বিভক্ত করার চেষ্টা করলে সেই জাতি কখনো এগিয়ে যেতে পারে না। বর্তমান সংসদের অধিকাংশ এমপি তরুণ, যারা স্বাধীনতার পর জন্মগ্রহণ করেছেন। তাদের স্বাধীনতাবিরোধী বা রাজাকার আখ্যা দিলে জনগণ তা গ্রহণ করে না, বরং উপহাস করে।’
চাঁপাইনবাবগঞ্জ: ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে’-এই দৃপ্ত অঙ্গীকারে চাঁপাইনবাবগঞ্জে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও বাস-মিনিবাস-কোচ পরিবহন ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে এক বিশাল র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। সকালে শহরের বিশ্বরোড মোড় থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।