ঢাকা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বর্তমান কোনো দায়িত্বশীলের অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনে (মেয়র) প্রার্থী হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে সংগঠনটি।
শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েমকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণার পরিপ্রেক্ষিতে এ ব্যাখ্যা দেওয়া হয়েছে।
শুক্রবার (১ মে) এক বিবৃতিতে শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ বলেন, ছাত্রশিবিরে দায়িত্বে থাকা অবস্থায় কোনো সদস্যের অন্য কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে অংশ নেওয়া বা প্রার্থী হওয়ার সুযোগ নেই। এমনকি কোনো রাজনৈতিক দল থেকেও দায়িত্বে থাকা কাউকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার সুযোগ নেই।
বিবৃতিতে বলা হয়, তবে কেউ যদি ছাত্রশিবিরের দায়িত্ব শেষ করে ব্যক্তিগতভাবে অন্য কোনো রাজনৈতিক দলে যুক্ত হন বা নির্বাচনে অংশগ্রহণ করেন, সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে। এ কারণে বর্তমান সেশনের কোনো দায়িত্বশীলকে ঘিরে এ ধরনের সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
শিবির নেতারা বলছেন, আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিপি সাদিক কায়েমকে জামায়াত যে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছে তা হওয়ার সুযোগ নেই। কারণ তিনি বর্তমান শিবিরের একজন দায়িত্বশীল। এ অবস্থায় তার প্রার্থী হওয়া পরের কথা এমনকি কোনো রাজনৈতিক দলের নেতা হওয়ারও সুযোগ নেই।
এদিকে শুক্রবার (১ মে) সকালে রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কাউন্সিল হলে আয়োজিপ্ এক সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বর্তমান সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলনে এই সিদ্ধান্ত জানানো হয়।
ঘোষণার সময় সাদিক কায়েম নিজেও উপস্থিত ছিলেন। দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থিতার বিষয়টি চূড়ান্ত হলেও আগামী দুই-এক দিনের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হতে পারে। এ বিষয়ে সাদিক কায়েম তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।