চট্টগ্রাম: মিরসরাইয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে চলন্ত ট্রাকের ধাক্কায় হেলপার (চালকের সহকারী) নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন চালকও।
শনিবার (২ মে) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়পুর চলমান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতের নাম মো. রবিউল হোসেন (৫০)। সে ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মির্জাপুর গ্রামের মৃত নেহাল উদ্দিনের ছেলে। আহত চালকের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোরে চট্টগ্রামমুখী লেনে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন দিক থেকে আসা দ্রুতগামী পেঁয়াজবোঝাই আরেকটি ট্রাক ধাক্কা দিলে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে চালকের সহকারী আটকা পড়ে ঘটনাস্থলে মারা যায়। এ সময় ট্রাকের চালকও আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ বের করেন।
জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শরিফুজ্জামান বলেন, ‘ভোরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেকটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে হেলপার মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।’
এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।