ঢাকা: বৈশ্বিক বায়ুদূষণের তালিকায় আবারও শীর্ষ অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা। রোববার (৩ মে) সকাল ৮টা ৪৬ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) প্রকাশিত সূচক থেকে এই তথ্য জানা গেছে।
সূচক অনুযায়ী ঢাকার বায়ুর মানের স্কোর রেকর্ড করা হয়েছে ১৫৪, যা মানদণ্ড অনুযায়ী ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
তালিকায় ঢাকার ঠিক পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারতের দুই শহর কলকাতা ও দিল্লি। এ ছাড়া দূষণের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে চীনের সাংহাই শহর।
বায়ুমান সূচকের পরিমাপ অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে সেই বাতাসকে ‘ভালো’ বলা হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে বায়ুর মান মাঝারি বা সহনীয় হিসেবে ধরা হয়। তবে স্কোর ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোরকে সাধারণ মানুষের জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। এছাড়া স্কোর ২০১ থেকে ৩০০ হলে বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়ে থাকে।
বিশেষজ্ঞরা বলছেন, বায়ুদূষণের ফলে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে চোখ ও ফুসফুসের ক্ষতির পাশাপাশি এটি বিভিন্ন কঠিন রোগের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। এমনকি বর্তমান পরিস্থিতিতে বায়ুদূষণে শিশুমৃত্যু বাংলাদেশের জন্য একটি নীরব মহামারি হিসেবে আবির্ভূত হয়েছে।
ঢাকার বর্তমান স্কোর ১৫৪ হওয়ায় আজ সকাল থেকেই নগরীর বাতাস সাধারণ নগরবাসীর স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।